‘অস্ত্র নয়, শিক্ষা চাই!’ ১৬ বছরের কম বয়সীদের রোষানলে জর্জিয়া মেলোনি, রণক্ষেত্র ইতালি

শিক্ষার বাজেট কমিয়ে সামরিক ও অস্ত্র খাতে বিপুল অর্থ বরাদ্দের প্রতিবাদে উত্তাল ইউরোপের দেশ ইতালি। দেশের নতুন প্রজন্ম অর্থাৎ ‘জেন-আলফা’ (Gen-Alpha)-র তরুণ-তরুণীদের অভূতপূর্ব প্রতিবাদে কার্যত স্তব্ধ ও রণক্ষেত্রে পরিণত হয়েছে ইতালির একাধিক শহর। শনিবারের হিংসাত্মক বিক্ষোভে বিক্ষোভকারীরা প্রায় ৪,৪০০ কোটি রুপি (৪.৪ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের সরকারি ও বেসরকারি সম্পত্তি পুড়িয়ে ছাই করে দিয়েছে।

পুলিশের জালে ২০০ জন, বেশিরভাগই নাবালক

ইতালীয় বার্তা সংস্থা ‘আনসা’ (ANSA)-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার পুলিশ অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। তাজ্জব বানানোর মতো বিষয় হলো, ধৃতদের সিংহভাগই ১৬ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্ক তরুণ। ঘটনার ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আন্দোলনকারীদের কঠোর ভাষায় ‘দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “যারা দেশে আগুন লাগাচ্ছে, তারা কোনোভাবেই দেশের কল্যাণ চাইছে না।”

কেন রাজপথে নামল জেন-আলফা?

ইতালির পড়ুয়াদের অভিযোগ, মেলোনি সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির চেয়ে সামরিক অস্ত্র কেনার দিকে বেশি নজর দিচ্ছে। আন্দোলনের রাজপথে এখন তাদের প্রধান স্লোগান হয়ে উঠেছে— ‘অস্ত্র নয়, শিক্ষা চাই!’

উল্লেখ্য, ২০২৪ সালে ইতালি তাদের জিডিপির প্রায় ৪ শতাংশ অর্থাৎ ৯৭ বিলিয়ন ডলার (প্রায় ৯.২১ লক্ষ কোটি টাকা) শিক্ষা খাতে ব্যয় করেছিল। কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর (NATO) চাপে পড়ে একই বছরে শুধু সামরিক অস্ত্র ক্রয়েই ইতালি ব্যয় করেছে প্রায় ৩০ বিলিয়ন ডলার (২.৮ লক্ষ কোটি টাকা)। আর দেশটির মোট প্রতিরক্ষা বাজেট গিয়ে দাঁড়িয়েছে ৫০ বিলিয়ন ডলারে। ২০২৭ সালে ইতালিতে সাধারণ নির্বাচন, তার আগে কিশোর ও যুবসমাজের এই বিশাল বিদ্রোহ প্রধানমন্ত্রী মেলোনির ওপর চরম মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে।

মেলোনির নিশানায় বামপন্থী নেতারা

গোটা ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি এই হিংসাত্মক পরিস্থিতির জন্য দেশের বিরোধী বামপন্থী নেতাদের সরাসরি দায়ী করেছেন। মেলোনির মতে, বামপন্থী নেতারাই দেশের নাবালক ও যুব সমাজকে ভুল বুঝিয়ে উসকানি দিয়েছেন, যার ফলেই আজ গোটা দেশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো দুর্বৃত্তকেই সরকার রেয়াত করবে না।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *