ব্যক্তিগত বাসভবন নাকি অন্য কিছু? জুহুর অভিজাত বাংলো ভাঙা নিয়ে মুখ খুলল অজয় দেবগণের টিম

বলিপাড়ায় ফের একবার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কড়া পদক্ষেপ। খোদ বলিউড সুপারস্টার অজয় দেবগণ এবং তাঁর মা বীণা দেবগণের মালিকানাধীন মুম্বইয়ের জুহুর একটি বিলাসবহুল বাংলোর একাংশ বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (BMC)। বেআইনি নির্মাণ ও বাণিজ্যিক রূপান্তরের অভিযোগে পুরসভার এই কড়া পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলে।

ঘটনার জেরে শোরগোল শুরু হতেই আসরে নামে অভিনেতার অফিস। অজয়ের টিম থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আলোচ্য সম্পত্তিটি অভিনেতার ব্যক্তিগত কোনো বাসভবন নয়, বরং এটি একটি লিজ বা ভাড়ায় দেওয়া সম্পত্তি।

জানা গিয়েছে, মুম্বইয়ের অভিজাত জুহু এলাকার জেভিপিডি স্কিমের (JVPD Scheme) কাপুর কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের ওই সম্পত্তিটি চলতি বছরের আগস্ট মাসে পাঁচ বছরের এক চুক্তির মাধ্যমে একটি বেসরকারি স্যালন ও স্পা সংস্থাকে ভাড়ায় দেওয়া হয়েছিল। যার লিজ মূল্য ছিল প্রায় ১০.৬১ কোটি টাকা এবং মাসিক ভাড়া ছিল প্রায় ১৬ লক্ষ টাকা।

তবে স্থানীয় বাসিন্দা ও হাউজিং সোসাইটির পক্ষ থেকে আপত্তি তোলা হয় যে, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে অতিরিক্ত লোকসমাগম ও পার্কিংয়ের মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। সোসাইটি শুধু লিজের অনুমতি দিলেও কোনো ধরনের বড়সড় কাঠামোগত পরিবর্তন বা বাণিজ্যিক রূপান্তরের এনওসি (NOC) দেয়নি।

এরপরই গত ১০ সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪এ ধারা অনুযায়ী ‘স্টপ-ওয়ার্ক’ নোটিশ জারি করে বিএমসি। পুরনিগমের অভিযোগ ছিল, কোনো বৈধ অনুমতি ছাড়াই সেখানে দেওয়াল তোলা এবং বড় ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন করা হচ্ছিল। মালিকপক্ষের পক্ষ থেকে জবাব দেওয়া হলেও তা খারিজ করে দেয় পুরনির্গম। এরপর গত ১২ অক্টোবর পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে তৈরি সিপোরেক্স ব্লকের দেওয়াল ও অন্যান্য অংশ ভেঙে গুঁড়িয়ে দেন।

অন্যদিকে, অজয় দেবগণের টিম এক বিবৃতিতে পরিষ্কার করে দিয়েছে যে, বিএমসি-র সমস্ত নিয়ম ও নির্দেশিকা তাঁরা যথাযথভাবে মেনে চলছেন এবং পুরনিগমের কথামতো প্রয়োজনীয় পরিবর্তনগুলি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সেলিব্রিটি তকমা উপেক্ষা করে বিএমসি যেভাবে বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে, তা নিয়ে এখন জোর চর্চা চলছে শহরজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *