আড়াইশো কোটিপতিদের দেশে ৫ কোটির টোপ! বিসিসিআইয়ের টাকার পাহাড় ফিরিয়ে দিলেন জোড়া ১০০ টেস্টের মহাতারকা?

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে সম্প্রতি অজিত অগরকরের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচক চেয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। তবে অগরকরের উত্তরসূরি খুঁজে পাওয়া নিয়ে চরম বিপাকে পড়েছে বিশ্বের সবচেয়ে ধনীতম ক্রিকেট বোর্ড। এই সংকট মেটাতে এবং হেভিওয়েট নামদের জাতীয় নির্বাচকের পদে আকর্ষণ করতে বরাদ্দ আর্থিক বাজেট অভূতপূর্বভাবে বাড়াল বিসিসিআই।
সংবাদ সংস্থা পিটিআই-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী ২০২৬-২৭ আর্থিক সাইকেলের জন্য নির্বাচক কমিটির আর্থিক বরাদ্দ বাড়িয়ে একধাক্কায় ১৯.৩৫ কোটি টাকা করা হয়েছে। প্রজ্ঞান ওঝা ও আরপি সিং নির্বাচক পদে যোগ দেওয়ার সময়ের তুলনায় এটি প্রায় ৫ কোটি টাকার বড়সড় বৃদ্ধি। বস্তুত, বিসিসিআই প্রধান নির্বাচকের পদের জন্য উপযুক্ত ও হাই-প্রোফাইল মুখ পেতে ব্যর্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে—ভারতের হয়ে ১০০-র বেশি টেস্ট খেলা দুই কিংবদন্তি ক্রিকেটারকে প্রধান নির্বাচক করার প্রস্তাব দিয়েছিল বোর্ড, কিন্তু দুজনেই সরাসরি সেই মোটা অঙ্কের অফার ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি, পশ্চিমাঞ্চলের শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলও প্রধান নির্বাচক হওয়ার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
গত ১৪ অক্টোবর আবেদনের শেষ সময়সীমা থাকলেও পার্থিব আবেদন জমা দেননি। তিনি বিসিসিআইয়ের পদের চেয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও টিভি ব্রডকাস্টারদের সঙ্গে কোটি টাকার চুক্তিকেই অগ্রাধিকার দিয়েছেন। বর্তমানে আইপিএল কোচিং কিংবা মিডিয়া কমেন্ট্রি থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা যে পরিমাণে বিপুল উপার্জন করেন, তার তুলনায় জাতীয় নির্বাচক পদের দায়িত্ব, ব্যস্ততা এবং বেতন অনেকটাই কম মনে করছেন প্রবীন তারকারা। এই বিশাল ফারাক মেটাতেই এবার ১৯.৩৫ কোটি টাকার মেগা বাজেট দিয়ে যোগ্য প্রধান নির্বাচক খুঁজে পেতে মরিয়া বোর্ড।