মাঝপথে ফি বৃদ্ধি নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের, বড় ধাক্কা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির!

পেশাগত কোর্সের ফি বৃদ্ধি নিয়ে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, চার বা পাঁচ বছর মেয়াদী যেকোনো পেশাগত কোর্সের ফি কোর্স চলাকালীন মাঝপথে কোনোভাবেই বাড়ানো যাবে না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির আগেই পুরো কোর্সের ফি স্পষ্টভাবে নির্ধারণ করে দিতে হবে।
পশ্চিমবঙ্গ হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
বাংলার বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে হঠাৎ করে ফি বৃদ্ধির বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর আগে পশ্চিমবঙ্গ হাইকোর্ট ফি বৃদ্ধি নিষিদ্ধ করার যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকেই পুরোপুরি বহাল রেখেছে।
আদালতের এই কঠোর অবস্থানের ফলে মাঝপথে ফি বৃদ্ধির চাপ থেকে বড় স্বস্তি পেলেন সাধারণ ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা। শিক্ষাজীবন শুরু হওয়ার আগেই ফি সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখা এখন সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক বলে গণ্য হবে।