অঙ্কিতা ভাণ্ডারী কাণ্ডে ভিআইপির নাম প্রকাশ্যে? সিকিমের নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে তোলপাড় দেশ!

অত্যন্ত বিতর্কিত ও চাঞ্চল্যকর অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় তথাকথিত ‘ভিআইপি’-র ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)-এর তদন্ত চলাকালীনই এবার নতুন রাজ্যপাল নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জাতীয় রাজনীতি। বিজেপি নেতা দুষ্যন্ত গৌতমকে সিকিমের রাজ্যপাল হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনার প্রতিবাদে তিনি সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখে এই বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা করার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখার জোরালো দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপতিকে রাহুলের চিঠি: “আমি স্তম্ভিত”
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে কড়া সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেন, “১৯ বছর বয়সী তরুণী অঙ্কিতা ভাণ্ডারী এক ‘ভিআইপি’-র কাছে নিজের আত্মসম্মান ও মর্যাদা বিসর্জন দিতে রাজি হননি, আর তার খেসারত হিসেবে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার চার বছর পার হয়ে গেলেও সিবিআই-এর ধীরগতির তদন্ত আজও সেই মূল প্রশ্নের উত্তর দিতে পারেনি যে— আসল ভিআইপি কে ছিলেন?”
চিঠিতে রাহুল আরও লেখেন, “অঙ্কিতার পরিবার সহ দেশের বহু মানুষ মনে করেন যে, এই ঘটনার সঙ্গে দুষ্যন্ত গৌতমের যোগসূত্র থাকতে পারে। তাই সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে তাঁর নাম দেখে আমি স্তম্ভিত। তিনি সংবিধান অনুযায়ী রাজ্যপালের পদে আসীন থাকলে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না।”
সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা
রাজ্যপাল হিসেবে দুষ্যন্ত গৌতমের নাম সুপারিশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে রাহুল দাবি করেন, কেন্দ্র সরকারের এমন পদক্ষেপ নারীদের নিরাপত্তা নিয়ে তাদের উদাসীনতাকেই ফুটিয়ে তোলে।
উল্লেখ্য, বুধবার ইন্ডিয়া গেটে ধর্নাস্থলে গিয়ে অঙ্কিতা ভাণ্ডারীর পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজ সকালে তাঁর পিতা-মাতাকে আটক করার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। নির্যাতিতা পরিবার যাতে কোনোভাবেই বিচার পাওয়ার আশা হারিয়ে না ফেলে, সে কথা উল্লেখ করেই রাষ্ট্রপতির কাছে অবিলম্বে এই রাজ্যপাল নিয়োগ স্থগিত রাখার আর্জি জানিয়েছেন রাহুল।