অষ্টমীর ভোগের খিচুড়ির টেস্ট বাড়িতেই, জেনেনিন কীভাবে বানাবেন? রইলো পদ্ধতি

দুর্গাপুজো মানেই জমজমাট প্যান্ডেল হপিং, নতুন জামাকাপড় আর দেদার পেটপুজো। তবে অষ্টমীর দুপুরে পাতে গরম গরম ভোগের খিচুড়ি পড়ার যে অদ্ভুত তৃপ্তি, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। সঙ্গে যদি থাকে গরম লাবড়া, মুচমুচে বেগুনি আর পায়েস, তবে তো পুজোর আনন্দ ষোলো কলাই পূর্ণ! কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে, পুজো মণ্ডপের সেই অপূর্ব সুগন্ধি ও স্বাদের খিচুড়ি কি ঘরেও বানানো সম্ভব? উত্তর হল— একদমই হ্যাঁ। সামান্য কিছু কৌশল আর চাল-ডালের সঠিক অনুপাত জানলেই আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন একদম মন্দিরের স্বাদের ভোগের খিচুড়ি।
প্রয়োজনীয় উপকরণ (৩-৪ জনের জন্য):
-
গোবিন্দভোগ চাল: ১ কাপ
-
সোনামুগ ডাল: ১ কাপ
-
আলু: ২টি (মাঝারি আকারের টুকরো)
-
ফুলকপি: ৬-৮টি ছোট টুকরো
-
আদা বাটা: ১ চা চামচ
-
জিরে: ১ চা চামচ ও জিরে গুঁড়ো: ১ চা চামচ
-
তেজপাতা ও শুকনো লঙ্কা: ২টি করে
-
গোটা গরম মশলা: সামান্য
-
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
-
ঘি: ১-২ টেবিল চামচ
-
নুন ও চিনি: স্বাদমতো
সহজেই বানিয়ে ফেলুন অষ্টমীর ভোগের খিচুড়ি:
-
প্রথম ধাপ (ডাল ভাজা): প্রথমে কড়াই গরম করে তাতে সোনামুগ ডাল শুকনো খোলায় হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ডাল থেকে মিষ্টি সুগন্ধ বের হলে নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এই ভাজার কৌশলটিই খিচুড়িতে আসল ভোগের সুবাস আনতে সাহায্য করে।
-
দ্বিতীয় ধাপ (চাল প্রস্তুত): গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এই সুগন্ধি চালই খিচুড়ির স্বাদ ও গন্ধ বহুগুণ বাড়িয়ে দেবে।
-
তৃতীয় ধাপ (মশলা কষানো): একটি বড় কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। এরপর আলু ও ফুলকপি হালকা ভেজে নিন। এবার আদা বাটা, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
-
চতুর্থ ধাপ (চাল-ডাল রান্না): কড়াইতে চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট মশলার সঙ্গে নাড়াচাড়া করুন। এরপর প্রয়োজনমতো গরম জল, নুন ও সামান্য চিনি দিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। চাল-ডাল নরম হয়ে গেলে আঁচ কমিয়ে দিন। খুব বেশি ঘন বা একদম পাতলা করবেন না, প্রয়োজন হলে অল্প গরম জল মিশিয়ে নিতে পারেন।
-
পঞ্চম ধাপ (শেষের চমক): চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে একে অপরের সঙ্গে মিশে গেলে উপর থেকে আরও এক চামচ খাঁটি ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন ২-৩ মিনিট। ব্যাস, তৈরি অষ্টমীর স্পেশাল ভোগের সুগন্ধি খিচুড়ি!
স্বাদ দ্বিগুণ করার বিশেষ কিছু টিপস:
-
ভোগের মতো আসল স্বাদ পেতে সবসময় ভালো মানের গোবিন্দভোগ চাল, ভাজা সোনামুগ ডাল এবং খাঁটি ঘি ব্যবহার করার চেষ্টা করুন।
-
খিচুড়িতে অতিরিক্ত মশলা দেবেন না, তাতে চাল ও ডালের নিজস্ব প্রাকৃতিক সুগন্ধ চাপা পড়ে যেতে পারে।
-
রান্নার সময় সবসময় গরম জল ব্যবহার করুন, এতে রান্নার সময় বাঁচে এবং টেক্সচার নিখুঁত হয়।
পরিবেশনের সময় সঙ্গে গরম গরম বেগুনির মতো ক্রিস্পি ভাজা বা লাবড়া রাখলে এক নিমেষেই জমে উঠবে আপনার পরিবারের অষ্টমীর দুপুরের লাঞ্চ!