এবার অচেনা নম্বর থেকে ফোন এলেই স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম! ১ নভেম্বর থেকে আসছে বিরাট বদল

অচেনা নম্বর থেকে ফোন এলেই আর শুধু নম্বর দেখে দ্বিধায় পড়তে হবে না। আগামী ১ নভেম্বর থেকে দেশের টেলিকম ব্যবস্থায় চালু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নতুন নিয়ম। এখন থেকে ফোনে কল এলেই মোবাইলের স্ক্রিনে নম্বরের পাশাপাশি যিনি ফোন করছেন, তাঁর নামও স্পষ্টভাবে দেখা যাবে। স্প্যাম ও প্রতারণামূলক ফোনের রমরমা কমাতে এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর (DoT) সমস্ত টেলিকম সংস্থাকে এই নতুন ব্যবস্থা চালুর কড়া নির্দেশ দিয়েছে।
নতুন এই প্রযুক্তির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ বা সিএনএপি (CNAP)। এর মূল কাজ হলো টেলিকম অপারেটরদের কাছে থাকা গ্রাহকদের নিজস্ব নথিভুক্ত তথ্য ব্যবহার করে ইনকামিং কলের সময় স্ক্রিনে কলারের নাম ফুটিয়ে তোলা। এর ফলে অচেনা নম্বর থেকে ফোন এলে সেই নম্বরটি কার নামে রেজিস্টার্ড রয়েছে, তা খুব সহজেই জানতে পারবেন গ্রাহকরা। সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিষেবার জন্য আলাদা করে ট্রুকলারের মতো থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার আর কোনো প্রয়োজন পড়বে না। টেলিকম নেটওয়ার্ক ও গ্রাহকের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সাহায্যেই এই কাজ সম্পন্ন হবে।
প্রাথমিকভাবে ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সংযোগেই এই পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২জি ও ৩জি নেটওয়ার্কের ক্ষেত্রে এটি চালুত করার বিষয়টি বিচার করা হবে। এই পরিষেবা কার্যকরের জন্য প্রতিটি টেলিকম সংস্থাকে গ্রাহকদের নাম ও নম্বরের সমন্বয়ে একটি সুরক্ষিত ডেটাবেস তৈরি করতে হবে। ইনকামিং কল আসার পর ওই ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে তা প্রাপকের স্ক্রিনে প্রদর্শন করা হবে। তবে নিরাপত্তার খাতিরে ‘সিকিউরিটি-by-ডিজাইন’ নীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কলারের নাম আর সিস্টেম বা সার্ভারে সংরক্ষিত থাকবে না। পাশাপাশি, যাঁদের ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (CLIR) সুবিধা রয়েছে, তাঁদের নাম প্রদর্শিত হবে না। ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রে ট্রেডমার্ক বা জিএসটি পোর্টালে নথিভুক্ত নাম দেখানোর বিশেষ সুযোগ মিলবে।