টাইম স্কোয়ারে শো বাতিল! তবে কি এবার কলকাতাতেই কাটবে সৌরভ-ডোনার পুজো? কী প্ল্যান জানালেন ডোনা?

দুর্গাপুজো (Durga Puja 2026) মানেই বাঙালির মনে এক অন্য উন্মাদনা, সাজো সাজো রব। জীবনের সমস্ত ব্যস্ততা আর চিন্তা দূরে সরিয়ে রেখে এই কটা দিন উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি—কেউই এই আনন্দের বাইরে নন। আর বাংলার ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায় ও নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের পুজো মানেই অনুরাগীদের মনে বাড়তি কৌতূহল। এ বার পুজোয় ঠিক কী পরিকল্পনা রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই রহস্যই ফাঁস করলেন স্বয়ং ডোনা।
সাধারণত প্রতি বছরই পুজোর দিনগুলিতে নাচের দল ‘দীক্ষামঞ্জরী’কে নিয়ে বিদেশ সফরে ব্যস্ত থাকেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এ বারের ছবিটা সম্পূর্ণ আলাদা। পুজোর পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে ডোনা জানান, “এবার আমাদের টাইম স্কোয়ারে যাওয়ার কথা ছিল। কিন্তু অনেকেরই ভিসা না হওয়ায় সেই সফর বাতিল করতে হয়েছে। তাছাড়া পুজোর সময় অন্য কোনো অনুষ্ঠানও নেই, তাই সম্পূর্ণ ফাঁকা আছি। আর সবচেয়ে বড় কথা, এবার সানাও আমাদের সঙ্গে আছে। গত বছরও ও কলকাতায় এসেছিল, তবে অনেক বছর পর এবার গোটা পরিবারের সঙ্গে খুব সুন্দর একটা পুজো উপভোগ করব।”
ভিড়ভাট্টা এড়িয়ে প্যান্ডেল হপিং না হলেও হাতে গোনা কয়েকটি প্রতিমা দেখার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন ডোনা। তবে ঘরের পুজো এবং আত্মীয়-পরিজনদের সান্নিধ্যই এ বারের পুজোর আসল আকর্ষণ। এই প্রসঙ্গে ডোনা আরও বলেন, “আমাদের বাড়িতে তো পুজো হয়ই। এছাড়া বাড়ির সামনের প্যান্ডেলে পুজো হয়, সৌরভের মামাবাড়িতে পুজো হয়, আমার বাপের বাড়িতেও পুজো হয়। বহু বন্ধুর বাড়িতেও পুজো রয়েছে। সবমিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে।”
পাশাপাশি তিনি জানান, ‘বিগ বস বাংলা’-র শ্যুটিং সেরে আগামী শনিবার অর্থাৎ সপ্তমীর সকালেই সোজাসুজি কলকাতায় চলে আসছেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর একেবারে দশমী পর্যন্ত পরিবারের সঙ্গেই পুজোর মেজাজে সময় কাটাবেন তিনি।
উল্লেখ্য, বেহালার বীরেন রায় রোডে সৌরভের নিজেদের বাড়িতে প্রতি বছরই ঘরোয়া ও অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। জাঁকজমক না থাকলেও সেই পুজোর প্রতিটি নিয়মে থাকে আন্তরিকতার ছোঁয়া। অষ্টমীর দিনে এখানে ধুমধাম করে কুমারীপুজো হয়, যার সমস্ত দায়িত্ব সামলান গঙ্গোপাধ্যায় পরিবারের মা, কাকিমা ও বউমারা। পাশাপাশি, সৌরভের বাড়ির ঠিক পাশেই অবস্থিত ‘বড়িশা প্লেয়ার্স কর্নার’-এর পুজোয় সপরিবারে উপস্থিত থাকেন মহারাজ। ১৯৭২ সালে যে বছর সৌরভের জন্ম হয়, ঠিক সেই বছরই তাঁর বাবা প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। পুজোর উদ্বোধন থেকে শুরু করে ঢাক বাজানো, অষ্টমীর অঞ্জলি কিংবা বিসর্জনে ধুনুচি নাচ—প্রতিটি মুহূর্তেই স্ত্রী ডোনা ও কন্যা সানাকে নিয়ে হাজির থাকেন সৌরভ। সব মিলিয়ে, বিদেশের মঞ্চ বাদ দিয়ে এ বার ঘরের টানেই জমজমাট হতে চলেছে গঙ্গোপাধ্যায় পরিবারের শারদোৎসব।