“সাংসদকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামাল পুলিশ!” রাষ্ট্রপতিকে চিঠি জন ব্রিটাসের, দিল্লিতে তুলকালাম

দিল্লি পুলিশের বিরুদ্ধে নজিরবিহীন হেনস্থা ও মারধরের গুরুতর অভিযোগ তুলে সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। একই সঙ্গে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর দাবি, একজন সাংসদের ওপর এই হামলা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং গোটা সংসদীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক অধিকারের অবমাননা।

রবিবার দিল্লির কনট প্লেস ও রাজীব চক চত্বর থেকে তাঁকে যেভাবে জবরদস্তি আটক করা হয়, তার তীব্র নিন্দা করেছেন এই বাম সাংসদ। তাঁর অভিযোগ, পুলিশের গাড়িতে তোলার পর তাঁকে হেনস্থা করা হয়, টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয়। এমনকি ধাক্কা মেরে ফেলে দেওয়ার পাশাপাশি একটি নির্জন জায়গায় তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে সরব হয়ে জন ব্রিটাস লেখেন, “সরকার গণতন্ত্রকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে না। বিতর্কের শক্তির পরিবর্তে লাঠির শক্তি ব্যবহার করা হচ্ছে।”

শান্তিপূর্ণ প্রতিবাদ ও সাংবিধানিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ জারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিঠিতে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জন ব্রিটাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *