২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতেই বড় সাফল্য! পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত

দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খাঁপুর অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে এলাকার একটি শিবমন্দিরে ভাঙচুর চালানো হয়। শুক্রবার সকালে পুজোর প্রাক্কালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জোরালো হতে থাকে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও দলের মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তীর নেতৃত্বে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপি নেতৃত্বও অভিযুক্তকে ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে পুলিশের তৎপরতায় সময়সীমা শেষ হওয়ার আগেই কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও রাজনৈতিক নেতৃত্ব।