ছেলের আত্মহত্যার শোক সইতে পারলেন না বোনও! ভাইয়ের মৃত্যুর পরেই মর্মান্তিক পরিণতি তরুণীর

ভাইয়ের আত্মহত্যার খবর পেতেই শোকে পাথর হয়ে মর্মান্তিক পথ বেছে নিলেন বোনও। ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণীও। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার আদালহাট থানা এলাকার হাজিপুর গ্রামে ভাই-বোনের এই হৃদয়বিদারক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কী ঘটেছিল সেদিন?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালহাট থানা এলাকার হাজিপুর গ্রামের বাসিন্দা ও জেলার বিশিষ্ট কুস্তিগীর রামশ্রের ছেলে শেষনাথ যাদব ওরফে গোলু যাদবও একজন কুস্তিগীর ছিলেন। ঘটনার দিন সকালে স্থানীয়রা গ্রামের হনুমান মন্দিরের কাছে একটি কুয়োয় শেষনাথের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাঁর পরিবারকে খবর দেন।
ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর বোন অনুষ্কা যাদব। পরিবারের সদস্যদের অজান্তেই তিনিও বাড়ির ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বারাণসীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য:
মৃতের বাবা রামশ্রা জানান, রাতের খাবার সেরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোর ৫টায় ঘুম থেকে উঠে তাঁরা কুয়োর মধ্যে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। আর সেই খবর পাওয়ার পরেই বাড়িতে চরম চরম পদক্ষেপ করেন তাঁদের মেয়ে।
চুনারের পুলিশ সুপার গায়ত্রী যাদব জানিয়েছেন, ভাই-বোন দুজনেই আত্মহত্যা করেছেন। ভাই কুয়োর মধ্যে এবং বোন বাড়িতে নিজের জীবন শেষ করেছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো মর্মান্তিক ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।