যন্তর মন্তরে বিক্ষোভের আগেই বড় ধাক্কা! বিমান থেকে নামার আগেই ধ্রুব রাঠীর পর আটক অভিজিৎ দীপকে

মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে উঠেছে। বিক্ষোভ শুরু হওয়ার আগেই একের পর এক ধরপাকড়ে উত্তাল রাজধানী। এবার দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই আটক করা হলো সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই অন্যতম মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে।
বিমান থেকেই আটক সিজেপি নেতৃত্ব:
শনিবার সকালে যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। কিন্তু বিমান দিল্লিতে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই বিমানে প্রবেশ করে দিল্লি পুলিশ। সেই সময় অভিজিৎ দীপকে-কে বলতে শোনা যায়, “ওরা সবাইকে আটক করছে। আমাদেরও আটক করবে।” এরপরই ধ্রুব রাঠীর পর একে একে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকে নামিয়ে আটক করা হয়। পুলিশি এই তৎপরতার মুখেও দমে না গিয়ে অভিজিৎ দীপকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘‘আমি গ্রেফতার হতেই এসেছি। আমি কাউকে ভয় পাই না।’’
রাজধানীতে নজিরবিহীন কড়াকড়ি:
সিজেপির এই আন্দোলন প্রতিহত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীজুড়ে ইতিমধ্যেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রো স্টেশন বন্ধ রাখা, দূরপাল্লার ট্রেন বাতিল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করার পাশাপাশি আন্দোলনকারীদের দমাতে দিল্লি পুলিশ ও আধাসেনার কড়া নজরদারি চলছে। এরই মধ্যে শীর্ষ নেতাদের এভাবে বিমান থেকে আটক করায় রাজনৈতিক মহলে ক্ষোভ ও উত্তাপ আরও বহুগুণ বেড়ে গেছে।