পানীয় জল পাচ্ছে না মুসলিম কলোনির বাসিন্দারা? রাষ্ট্রসঙ্ঘে চিঠি পাঠালেন TMC সাংসদ

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতার একটি মুসলিম অধ্যুষিত কলোনিতে ইচ্ছাকৃতভাবে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখার মারাত্মক অভিযোগ উঠল। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরাসরি হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রসঙ্ঘের (UN) মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে চিঠি পাঠিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (X)-এ সেই চিঠির অনুলিপি প্রকাশ করে তিনি কেন্দ্র ও রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে দিয়েছেন।
সামিরুল ইসলামের অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার জ্যোতি নগর কলোনির মুসলিম বাসিন্দাদের ওপর একপ্রকার অঘোষিত বঞ্চনা শুরু হয়েছে। যেহেতু এই এলাকার বাসিন্দারা তাঁদের তথাকথিত ভোটব্যাঙ্কের অংশ নন, তাই সুপরিকল্পিতভাবে তাঁদের পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।
চিঠিতে তৃণমূল সাংসদ স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশনের অধিকারকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এই ঘটনাকে কেবল সাধারণ নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার মতো ছোট প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা চলে না। এর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মৌলিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা এবং জীবনযাপনের অধিকার সরাসরি জড়িত। বাসিন্দারা বাড়তি কোনো সুযোগ-সুবিধা চাননি, কেবল বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুই দাবি করছেন বলে জানান তিনি।
জলের তীব্র সঙ্কটের জেরে এলাকায় মহামারী বা ব্যাপক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে সামিরুল ইসলাম বলেন, এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের কেন দীর্ঘকাল ধরে নিয়মিত পানীয় জল থেকে বঞ্চিত রাখা হয়েছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করার পাশাপাশি গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংস্থাগুলির কাছে জোরালো আর্জি জানিয়েছেন তিনি। এই আন্তর্জাতিক চিঠির পর কলকাতার জলসঙ্কট ইস্যু এখন জাতীয় রাজনীতিতেও এক নতুন মাত্রা পেয়েছে।