দিল্লি বিক্ষোভের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন! টিকিট বাতিল হলে কীভাবে মিলবে সম্পূর্ণ টাকা? জেনে নিন রেলের নিয়ম

১০ অক্টোবর সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন একগুচ্ছ মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। দিল্লিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। রেলের তরফে মেসেজ পাঠিয়ে ইতিমধ্যেই সমস্ত প্রভাবিত যাত্রীদের এই বিষয়ে সতর্ক করা হচ্ছে। রেল সূত্রে খবর, এই দুই ব্যস্ত স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ৭৫ হাজার যাত্রী যাতায়াত করেন। ট্রেন আচমকা বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত বা রিফান্ড পাওয়া নিয়ে যাত্রীদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জেনে নিন রেলের নিয়ম অনুযায়ী কীভাবে মিলবে সম্পূর্ণ টাকা।

রেল সূত্রে জানানো হয়েছে, যদি রেলের তরফ থেকে কোনো ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়, তবে যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে সাধারণত কোনো ধরনের ক্যান্সেলেশন চার্জ বা ক্লারকেজ ফি কাটা হয় না। তবে এই রিফান্ড পাওয়ার পদ্ধতি নির্ভর করে টিকিটটি অনলাইন বা কাউন্টার— কোন মাধ্যমে কাটা হয়েছিল তার ওপর।

১. অনলাইন ই-টিকিটের রিফান্ডের নিয়ম:
আপনি যদি আইআরসিটিসিতে (IRCTC) রেজিস্টার্ড ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করে থাকেন এবং ট্রেনটি যদি পুরোপুরি বাতিল হয়ে যায়, তবে আপনাকে আলাদা করে টিকিট ক্যানসেল করার বা রিফান্ডের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই। রেলের নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থায় টিকিট নিজে থেকেই বাতিল হয়ে যায় এবং রিফান্ডের প্রক্রিয়া শুরু হয়ে যায়। টিকিট বুক করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা ইউপিআই (UPI) ব্যবহার করা হয়েছিল, সাধারণত সেই মাধ্যমেই টাকা ফেরত আসে। ট্রানজ্যাকশন পদ্ধতি ও রেলের প্রসেসিংয়ের ওপর নির্ভর করে অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

২. কাউন্টার থেকে কেনা টিকিটের রিফান্ড:
আপনি যদি কোনো রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেটে থাকেন, তবে রিফান্ড পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে কাউন্টারে গিয়েই টিকিট জমা দিতে হবে। সম্পূর্ণ বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরত পেতে সাধারণত ট্রেনটির নির্ধারিত প্রस्थान সময়ের ৭২ ঘণ্টার মধ্যে টিকিট সারেন্ডার করতে হয়। এরপর সমস্ত নিয়ম মেনে হাতে-হাতে বা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়।

৩. ট্রেন আংশিক বাতিল বা রুট পরিবর্তন হলে কী করবেন?
যদি ট্রেন সম্পূর্ণ বাতিল না করে তার রুট পরিবর্তন করা হয়, মাঝপথের কোনো স্টেশনে যাত্রা থামিয়ে দেওয়া হয় কিংবা যাত্রার কিছু অংশ বাতিল করা হয়, তবে রিফান্ডের নিয়ম আলাদা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে অনলাইন টিকিটের জন্য টিডিআর (TDR) ফাইল করতে হতে পারে। পরিস্থিতি ও রেলের নিয়ম অনুযায়ী টিডিআর ফাইল করার নির্দিষ্ট সময়সীমা থাকে, যা আইআরসিটিকির অফিসিয়াল সাইটে দেখে নেওয়া উচিত।

এর পরেও যদি কোনো কারণে ট্রেন বাতিলের পর আপনার রিফান্ডের টাকা না আসে, তবে আপনি রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ যোগাযোগ করতে পারেন অথবা ‘রেল মদদ’ (Rail Madad) পোর্টালে গিয়ে সরাসরি নিজের অভিযোগ নথিভুক্ত করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *