এক টুকরো ভূস্বর্গ, কিন্তু জীবন যেন এক জ্বলন্ত কুরুক্ষেত্র! সমুদ্রের বুকে লুকিয়ে থাকা এই অদ্ভুত গ্রামের গল্প জানেন?

চারপাশে শুধু থৈ থৈ সমুদ্রের জল, আর তার ঠিক মাঝখানে বালুকাময় জমিতে গড়ে উঠেছে ছোট্ট একটি জনবসতি। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের কাছে বঙ্গোপসাগরের বুকে মাথা তুলে থাকা এই দ্বীপটির নাম ‘হোপ আইল্যান্ড’ (Hope Island)। দূর থেকে এর প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নিলেও, এর আড়ালে লুকিয়ে রয়েছে এখানকার স্থানীয় মানুষগুলোর চরম জীবনসংগ্রাম। গোদাবরী নদীর পলি জমে তৈরি হওয়া এই ১৬ কিলোমিটার দীর্ঘ দ্বীপটির চিত্র সাধারণ সভ্যতার জগত থেকে একেবারেই আলাদা।
কীভাবে কাটছে এখানকার মানুষের দিনকাল?হোপ আইল্যান্ডের পুত্রয়া পাকালু গ্রামে বসবাসকারী পরিবারগুলির জীবন জীবিকা বলতে মূলত মৎস্যচাষ বা মাছ ধরা। সমুদ্র থেকে মাছ ধরে তা কাকিনাড়া উপকূলে এনে বিক্রি করেই চলে তাদের সংসার। নিত্যপ্রয়োজনীয় চাল, সবজি বা যেকোনো জিনিসপত্র কিনতে হলেও তাঁদের একমাত্র ভরসা নৌকা। আবহাওয়া খারাপ থাকলে বা সমুদ্রে বড় ঢেউ উঠলে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ প্রকৃতির মেজাজের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয় এই দ্বীপবাসীদের।
মৌলিক সুবিধার অভাব ও বন্যপ্রাণীর আলয়:সমুদ্রের মাঝখানের এই বিচ্ছিন্ন জনপদে পানীয় জলের তীব্র সংকট, শিশুদের পড়াশোনা এবং উন্নত চিকিৎসার মতো মৌলিক পরিষেবাগুলি মেটানো অত্যন্ত দুরূহ। দ্বীপটিতে অসুস্থ কাউকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও রীতিমতো লড়াইয়ের সমান। অন্যদিকে, এই দ্বীপটি আবার অলিভ রিডলে (Olive Ridley) কচ্ছপদের ডিম পাড়ার অন্যতম প্রধান নিরাপদ আশ্রয়স্থল। একদিকে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে বেঁচে থাকার কঠিন লড়াই— সব মিলিয়ে হোপ আইল্যান্ডের এই মানুষগুলোর জীবন সত্যিই এক অন্য বাস্তবতার গল্প বলে।