চলন্ত ট্রেনে যুবকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ! বাড়ি ফেরার পথেই রহস্যমৃত্যু অসমের কলেজছাত্রীর

ট্রেন সফরের সময় রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশে রেললাইনের ধার থেকে উদ্ধার হলো অসমের এক কুড়ি বছর বয়সি কলেজছাত্রীর মৃতদেহ। বিশাখাপত্তনম থেকে কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে করে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে ওই ছাত্রী তাঁর এক বন্ধুকে ফোনে ট্রেনেই কিছু যুবকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় গোটা দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রতিবাদের ঝড় উঠেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির বি. বরুয়া কলেজের ছাত্রী হিমাশ্রী বড়ো গত ৩০ সেপ্টেম্বর একটি অসমিয়া নাচের দলের সঙ্গে বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেসে চড়ে তিনি গুয়াহাটিতে নিজের বাড়ি ফিরছিলেন।

পরিবারের দাবি, সফরের মাঝপথেই গভীর রাতে এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময় হিমাশ্রী কাঁদতে কাঁদতে জানান যে, ট্রেনের কয়েকজন যুবক তাঁকে উত্ত্যক্ত করছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে। এই কথোপকথনের পরেই হঠাৎ তাঁর ফোনটি বন্ধ হয়ে যায় এবং আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পরই পরিবারের তরফে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ডায়েরি করা হয়।

তদন্তে নেমে পুলিশ ট্রেনের এস২ (S2) কোচ থেকে হিমাশ্রীর দুটি ব্যাগ ও প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করে। পাশাপাশি বিশাখাপত্তনম স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এছাড়া হিমাশ্রীর নিজের ফোনে রেকর্ড করা একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেনের আইলে তাঁর চারপাশে বেশ কয়েকজন পুরুষ দাঁড়িয়ে রয়েছেন।

তদন্তকারী দল জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার টেক্কালিপুরম এলাকার রেললাইনের ধার থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ভিড়ে ভরা ট্রেন থেকে তিনি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে গিয়েছিলেন কি না, কিংবা এর নেপথ্যে অন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকরা।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *