‘ওপেনিং থেকে ৬ নম্বর! দলের সিদ্ধান্তে কারাবাসের মতো কষ্ট পাচ্ছি…’ বিস্ফোরক তিলক ভার্মা

ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিলক ভার্মা। অথচ বর্তমান দলের কম্বিনেশনের জেরে তাঁর ব্যাটিং পজিশন নেমে গিয়েছে একেবারে নিচের দিকে, যার ফলে নিজের স্বভাবসুলভ বড় ইনিংস খেলার সুযোগ হারাচ্ছেন তিনি। অতীতে নিয়মিতভাবে ৩ বা ৪ নম্বরে ব্যাট করলেও বর্তমানে দলের প্রয়োজনে তাঁকে ৬ নম্বরের মতো কঠিন পজিশনে ব্যাট করতে হচ্ছে। দলের স্বার্থে এই পজিশনে খেলতে রাজি হলেও, তিলক ভার্মা যে মনেপ্রাণে টপ অর্ডারে ব্যাট করতেই বেশি স্বচ্ছন্দ, তা স্টার স্পোর্টসের সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর খোলামেলা বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।
নিজের ব্যাটিং অর্ডার বদল ও মনের কথা বলতে গিয়ে তিলক জানান, ৬ নম্বরে ব্যাটিং করা তাঁর জন্য কতটা চ্যালেঞ্জিং। তাঁর কথায়, “আপনি সহজেই ৩ নম্বর থেকে ৪ নম্বরে বা ওপেনিং থেকে ৩ নম্বরে যেতে পারেন, কারণ এতে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু ৩ বা ৪ নম্বর থেকে ৬ বা ৭ নম্বরে যাওয়াটা সত্যিই কঠিন। তবুও, দলের যদি এটাই প্রয়োজন হয়, আমার কোনো বিকল্প নেই। আমাকে ওই জায়গাটা অর্জন করতে হবে, এবং আমি বিভিন্ন পজিশনে ব্যাট করার জন্য অনুশীলনে ও মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছি।”
সাক্ষাৎকারে তিলক স্পষ্ট করে দিয়েছেন যে, জন্মগতভাবে বা তাঁর ক্রিকেটীয় কেরিয়ারের শুরু থেকেই তিনি টপ অর্ডারের ব্যাটার। সুযোগ পেলে তিনি দলের হয়ে ইনিংস ওপেন করতেও প্রস্তুত। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বরাবরই টপ অর্ডারে ব্যাট করতে ভালোবাসি। যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন আমি একজন ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, এবং তারপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমি ৩ নম্বরে ব্যাট করি। এরপর আইপিএলে আমি ৪ নম্বরে ব্যাট করেছি। আমি সব পজিশনেই ব্যাট করেছি। কিন্তু যেহেতু আমি ওপেনার হিসেবে শুরু করেছিলাম, তাই এখন যদি আমাকে ওপেন করতে বলা হয়, আমি অবশ্যই তা করব। তবে, আমি ৩ নম্বরে ব্যাট করতে সত্যিই উপভোগ করি।”
বর্তমান ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের পর ৩ নম্বরে ঈশান কিষাণ এবং ৪ নম্বরে শ্রেয়াস আইয়ারের মতো তারকারা থাকায় টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি অনুযায়ী তিলককে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করছে।
পরিসংখ্যানও বলছে তিলকের এই আক্ষেপ একেবারে অমূলক নয়। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিলক সবচেয়ে বেশি সফল হয়েছেন ৩ নম্বরে। এই পজিশনে ২১টি ইনিংসে ৪৩.৪ গড়ে তাঁর সংগ্রহ ৬৫১ রান, যার মধ্যে রয়েছে তাঁর দুটি দুর্দান্ত আন্তর্জাতিক সেঞ্চুরিও। এছাড়া ৪ নম্বরে ৫৪.৪৪ গড়ে ৪৯০ রান এবং ৫ নম্বরে ৪১.৪৪ গড়ে ৩৭৩ রান করেছেন তিনি। এমনকি ৬ নম্বরে নেমেও ৮ ইনিংসে ৫১ গড়ে ১৫৩ রান করেছেন এই তরুণ তুর্কি। প্রতিটি পজিশনেই তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে যে টিম ইন্ডিয়া কেন তাঁকে বিভিন্ন ভূমিকায় ব্যবহার করতে চায়। তবে দলের এই কৌশলগত পরিবর্তনের মাঝেও তিলক ভার্মার যে মূল পছন্দ শীর্ষক্রমেই ব্যাটিং করা, তা এই সাক্ষাৎকারে পরিষ্কার হয়ে গিয়েছে।