‘ভারতের মানুষের বিরুদ্ধে অপরাধ হচ্ছে!’ স্টারলিঙ্কের এন্ট্রি আটকে যাওয়ায় বিস্ফোরক এলন মাস্ক

স্টারলিঙ্ক স্যাটেলাইট কমিউনিকেশন বেশ কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করার চেষ্টা চালিয়ে গেলেও এখনও তা সম্ভব হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে সংস্থার কর্ণধার এলন মাস্কের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। তাঁর দাবি, কিছু ‘অলিগার্ক’ বা প্রভাবশালী ব্যবসায়ী ভারতে স্টারলিঙ্কের প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এ বিষয়ে এলন মাস্ক নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “দুর্ভাগ্যক্রমে কিছু অলিগার্গ ভারতীয়দের উপর মনোপলি চালাচ্ছে, যাঁরা আমাদের প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। আপনারা আন্দাজ করতে পারছেন তাঁরা কারা…” এর সঙ্গে তিনি আরও যোগ করেন যে, ভারতবাসীর উপর এটি একটি অপরাধ।
মাস্কের এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তার কড়া জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরম্যাশন ব্যুরো বা পিআইবি (PIB)-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে মাস্কের সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পিআইবি-র বিবৃতিতে জানানো হয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে একাধিক কঠোর নিরাপত্তার শর্ত থাকে এবং প্রতিটি সার্ভিস প্রোভাইডারকে তা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হয়। সেই নিরাপত্তার শর্ত সফলভাবে পূরণ করার পরবর্তী ধাপে প্রবেশ করে স্পেকট্রাম বণ্টনের প্রক্রিয়া শুরু হয়, যা বর্তমানে সমস্ত সংস্থার ক্ষেত্রেই নিয়মমাফিক চলছে।
হঠাৎ কেন এমন মন্তব্য করলেন এলন মাস্ক? জানা গিয়েছে, ‘ডোগডিজাইনার’ (DogeDesigner) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ভারতের ১১ হাজার ২৫৬টি গ্রামে ৪জি কভারেজ না থাকার একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল। সেই পোস্টের ঠিক নিচেই ভারতবাসীর ইন্টারনেট সুবিধা প্রসঙ্গে এই বিস্ফোরক মন্তব্য করেন টেসলা প্রধান। বিভিন্ন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পুরোপুরি ছাড়পত্র না পাওয়ার কারণেই স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে চালু হওয়া ঝুলে রয়েছে।