‘যে কোনো সময়, যখনই চাইবে পাশে আছি…’ প্রকাশ্যে দেবকে জড়িয়ে বড় মন্তব্য শুভশ্রীর!

প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চলতি পুজোতেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’। আর তার আগেই ছবির গোটা টিমকে সঙ্গে নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে হাজির হয়েছিলেন তাঁরা। শোয়ের সেই মঞ্চেই একে অপরকে নিয়ে বিশেষ বার্তা দিতে দেখা যায় দেব ও শুভশ্রীকে, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ভক্ত মহলে।

‘দাদাগিরি’-র এই বিশেষ পর্বে ‘দেশু ৭’ ছবির হয়ে খেলতে এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার ও অন্যান্যরা। এই মেগা গেম শোয়ের মঞ্চে অনির্বাণ তাঁর ব্যান্ড ‘হুলিগানিজম’-এর জনপ্রিয় গান ‘মেলার গান’-এর কিছু অংশ গেয়ে শোনান। এরপরই সেই গানের রেশ ধরেই দেব ও শুভশ্রীর উদ্দেশ্যে এক কৌতূহলোদ্দীপক প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

‘মেলার গান’-এর কথার সূত্র ধরে অনির্বাণ দেব ও শুভশ্রীর উদ্দেশে বলেন, “জীবনের নাগরদোলা গোলগোল ঘুরে আবার একই জায়গায় নিয়ে এসেছে। যদি কোনও এক্সট্রা কথা বলতে চাও, বলতেই পারো।” অনির্বাণের সেই কথার রেশ ধরেই শুভশ্রী দেবের দিকে তাকিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জানান, “ওর সঙ্গে আমার কী অতীত ছিল, সেটার থেকেও বড় কথা, যে কোনও সময়, যখনই তুমি চাইবে, সবসময় পাশে আছি।” শুভশ্রীর এই কথার জবাবে দেবও সপক্ষেই বলেন, “ও আমার থেকে বেশি আমাকে বোঝে।”

উল্লেখ্য, এই ছবিটির গল্প, স্ক্রিপ্ট ও প্রযোজনা পুরোটাই সামলেছেন দেব। এমনকি এই ‘দেশু ৭’ ছবির হাত ধরেই পরিচালক হিসেবেও তাঁর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ছবিতে দেব ও শুভশ্রী ছাড়াও কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, সৈরিতি ব্যানার্জি ও অপরাজিতা আঢ্যর মতো পরিচিত মুখেরা অভিনয় করেছেন। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘বহুরূপী ২’ (বা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’), সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং এসভিএফের ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবিগুলির সঙ্গে।

এদিকে ছবির মুক্তিকে কেন্দ্র করে বিতর্কেরও কমতি নেই। সম্প্রতি দেব সমাজমাধ্যমে একটি মেলের স্ক্রিনশট শেয়ার করে জানান, ছবির ট্রেলার লঞ্চের আগেই ইউটিউবারদের একাংশকে ২০ হাজার টাকা পর্যন্ত অফার করা হচ্ছে শুধুমাত্র ‘দেশু ৭’ ছবির নেগেটিভ রিভিউ করার জন্য। চিত্রনাট্য অনুযায়ী ট্রেলারের নিন্দা করলেই এই টাকা দেওয়ার টোপ দেওয়া হচ্ছে। তবে এই সমস্ত কুৎসা ও চক্রান্তকে পাত্তা না দিয়ে নিজের কাজ, কলাকুশলী এবং দর্শকদের ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন দেব। এখন পুজোয় বক্স অফিসে এই ছবি কী ম্যাজিক দেখায়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *