‘নিজের ছেলেই আমার সঙ্গে গদ্দারি করল!’ রেজিনগর উপনির্বাচনের পরই বিস্ফোরক হুমায়ুন কবীর

‘আমার ছেলে আমার সঙ্গে গদ্দারি করল।’ রেজিনগর বিধানসভা উপনির্বাচনের পর ঠিক এই ভাষাতেই সরাসরি নিজের ছেলেকে প্রকাশ্যে আক্রমণ করে বসলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। অন্যদিকে, বাবার এমন বিস্ফোরক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় হুমায়ুন পুত্র তথা ওই কেন্দ্রের দলের প্রার্থী গোলাম নবি আজাদের দাবি, তাঁর বাবা বর্তমানে ‘মানসিক ভাবে বিপর্যস্ত’। ভোটপর্ব মিটতেই বাবা-ছেলের এই প্রকাশ্যে দ্বন্দ্ব নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে।
রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন থেকেই চরম উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অত্যাচার, ভয় দেখানোর অভিযোগ এবং বিরোধীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছিলেন খোদ হুমায়ুন কবীর। এমনকী ভোটের ফল প্রকাশের আগেই তিনি নিজের পরাজয় স্বীকার করে নেন এবং কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার পাশাপাশি নওদা কেন্দ্রের বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ভেবেছেন বলে জানান। এর পরেই উপনির্বাচনে নিজের দলের প্রার্থী ও পুত্র গোলাম নবি আজাদকে আক্রমণ করে তাঁকে ‘গদ্দার’ বলে দাগিয়ে দেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য, ভোটের দিন পুলিশের সঙ্গে তীব্র বচসা ও তর্কবিতর্কের জেরে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সাময়িকভাবে আটকও করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাঁকে থানা থেকে ছেড়ে দিলেও, তার আগেই ভোটের ফল কী হতে চলেছে তা আঁচ করে নিয়েছিলেন প্রবীণ এই নেতা। ভোটের এই পুরো প্রক্রিয়া এবং পারিবারিক রাজনৈতিক সংঘাতে এখন গোটা রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেজিনগরের এই হাইভোল্টেজ উপনির্বাচন।