পাম্প সিল করতেই চরম প্রতিশোধ! পেট্রল পাম্পের সামনেই ইন্ডিয়ান অয়েলের ম্যানেজারকে ৭ বার ছুরিকাঘাত করে খুন

পেট্রল পাম্প সিল করাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি হলো এক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আধিকারিকের। পেট্রল পাম্পের সামনেই ইন্ডিয়ান অয়েলের এক সেলস ম্যানেজারকে এলোপাথাড়ি ছুরির কোপ মেরে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল পাম্প অপারেটরের ছেলের বিরুদ্ধে। মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ঘটা এই লোমহর্ষক হত্যাকাণ্ডে গোটা দেশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহেশ শেলকে ইন্ডিয়ান অয়েলের সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত তিন মাস ধরে নানা সমস্যার কারণে সংশ্লিষ্ট পেট্রল পাম্পটি বন্ধ রাখা হয়েছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই পাম্পটি সম্পূর্ণ সিল করার প্রক্রিয়া শুরু করতেই পরিস্থিতি চরমে ওঠে। পাম্প অপারেটরের পরিবার ব্যবসা চালু রাখার জন্য আরও এক মাস সময় প্রার্থনা করলেও ইন্ডিয়ান অয়েলের ওই আধিকারিক তাতে রাজি হননি। আর এই ক্ষোভের বশেই অপারেটরের ছেলে উমেশ পান্ডবীর আচমকা আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সেলস ম্যানেজারের পেট, পিঠ ও মুখে উপুর্যুপরি সাতবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পাম্পের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার নৃশংস দৃশ্য ধরা পড়েছে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দুটি গাড়িতে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা বাঁচানো যায়নি। ইতিমধ্যেই কুরুন্দা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।