ভাত বসানোর আগে চাল ধুয়ে জল ফেলে দিচ্ছেন তো? না করলেই শরীরে থাবা বসাবে মারাত্মক বিষ!

বাঙালির চিরকালের প্রিয় খাবার বলতে সবার আগে মাথায় আসে ধোঁয়া ওঠা গরম ভাত। কিন্তু প্রতিদিনের রান্নার আগে আমরা চাল ধোওয়ার বিষয়টি নিয়ে কি আদতেই খুব একটা মাথা ঘামাই? রান্নাঘরে রান্নার আগে চাল ভালো করে পরিষ্কার বা ধুয়ে নেওয়া অত্যন্ত সাধারণ একটি অভ্যাস। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিদদের মতে, এই ছোট্ট কাজটি অবহেলা করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শুধু ময়লা বা ধুলোবালি দূর করাই নয়, চাল ধুয়ে নেওয়ার নেপথ্যে রয়েছে আরও অনেক গুরুতর কারণ।
বর্তমান সময়ে কৃষিকাজে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়, যার অবশিষ্টাংশ অনেক সময় চালের দানার গায়ে লেগে থাকে। এছাড়া ধান প্রক্রিয়াজাতকরণের সময় তাতে ধুলোবালি, ময়লা কিংবা ক্ষতিকারক উপাদান মিশে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।
ভাত রান্নার আগে চাল না ধুলে কী হতে পারে?
১. আর্সেনিকের বিষাক্ত প্রভাব: ভূগর্ভস্থ জলের কারণে অনেক অঞ্চলের ধানে আর্সেনিকের মতো বিষাক্ত ভারী ধাতু জমা হওয়ার ঝুঁকি থাকে। চাল ভালো করে না ধুলে সেই বিষাক্ত পদার্থ রান্নার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।
২. কীটনাশকের রাসায়নিকের কোপ: চাষের সময় ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক ও পেস্টিসাইডের অবশিষ্টাংশ পেটে গিয়ে পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।
৩. ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণ: গুদামে দীর্ঘদিন চাল মজুত থাকার ফলে তাতে ধুলোবালি, ধূলিকণা এবং বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাকের আস্তরণ পড়তে পারে। চাল না ধুয়ে রান্না করলে সেই জীবাণু সহজেই শরীরে ঢুকে পেটের গোলমাল বাঁধাতে পারে।
৪. অতিরিক্ত স্টার্চ ও হজমের গণ্ডগোল: চালের গায়ে থাকা অতিরিক্ত স্টার্চ বা মাড় সঠিকভাবে না ধুলে ভাতের আঠালো ভাব অনেক বেড়ে যায়, যা হজমের প্রক্রিয়াকে শ্লথ করে দেয় এবং গ্যাস বা বদহজমের সমস্যা তৈরি করে।
চাল ধোওয়ার সঠিক নিয়ম:
রন্ধনশিল্পীদের মতে, চাল রান্নার আগে অন্তত দু’ থেকে তিনবার পরিষ্কার জলে ভালো করে কচলে ধুয়ে নেওয়া উচিত। যতক্ষণ না চাল থেকে ঘোলা জল পরিষ্কার হয়ে স্বচ্ছ রূপ নিচ্ছে, ততক্ষণ ধোয়া দরকার। তবে খুব বেশি চটকে বা অতিরিক্ত সময় ধরে ধুলে চালের প্রয়োজনীয় ভিটামিন বি নষ্ট হয়ে যেতে পারে, তাই পরিমিতভাবে ধুয়ে নেওয়াটাই শ্রেয়। সুস্থ থাকতে ছোট এই অভ্যাসটি মেনে চলা অত্যন্ত জরুরি।