অশান্তির ইতিহাস খতিয়ে দেখে আগাম প্রস্তুতির নির্দেশ! পুরভোটের আগে তৎপর রাজ্য নির্বাচন কমিশনার

আসন্ন পুরভোটকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও হিংসামুক্ত রাখতে এখন থেকেই কঠোর পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের আগে যাতে কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে মঙ্গলবার সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা। বৈঠকে জেলাশাসকদের স্পষ্ট ভাষায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত পৌর এলাকায় ভোট হতে চলেছে, সেখানকার বর্তমান প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্য নির্বাচন কমিশনার। অতীতের রেকর্ড এবং নির্বাচনের ইতিহাস ঘেঁটে কোন কোন এলাকাগুলি অত্যন্ত স্পর্শকাতর (Sensitive Areas), তার একটি দ্রুত তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষ করে অতীতে কোন কোন অঞ্চলে নির্বাচনী হিংসা বা গোলমালের ঘটনা ঘটেছিল, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করা হয়েছে। অতীতের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এই স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে আগে থেকেই সতর্কতামূলক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে।

প্রশাসনের লক্ষ্য, ভোটের দিন বা ফলপ্রকাশের সময় পর্যন্ত অপেক্ষা না করে একেবারে প্রথম থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা, যাতে সাধারণ মানুষ কোনো ভীতি ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজে পুরভোট সম্পন্ন করতে কমিশন যে এবার কোনো রকম নম্র মনোভাব দেখাতে নারাজ, জেলাশাসকদের সঙ্গে এই বৈঠকে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *