মাঝআকাশে কুঠার হামলা থেকে ১৭৪ যাত্রীর প্রাণরক্ষা! মার্কিন পার্লামেন্টে ঐতিহাসিক স্বীকৃতি ভারতীয় পাইলট স্মিত মচ্ছারকে

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই-এর ১০৭৩ নম্বর বিমানে মাঝআকাশে সহ-পাইলটের ভয়াবহ কুঠার হামলায় গুরুতর আহত হয়েও অভাবনীয় বীরত্ব দেখিয়েছিলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। রক্তাপ্লুত ও আশঙ্কাজনক অবস্থাতেও নিজের সর্বোচ্চ শক্তিতে ককপিটের দরজা খুলে দিয়ে ১৭৪ জন যাত্রীর জীবন রক্ষা করেছিলেন তিনি। স্মিত মচ্ছারের সেই অসীম সাহস ও আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা ‘মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ (US House of Representatives) একটি বিশেষ প্রশংসাসূচক প্রস্তাব পেশ করা হলো।

একই সাথে মার্কিন প্রস্তাবটিতে মাঝআকাশের এই শিহরণ জাগানো ঘটনাকে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচলের নিরাপত্তার ওপর এক বড়সড় ‘সন্ত্রাসবাদী হামলা’ (Terrorist Attack) বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে।

৫ অক্টোবর মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব
গত ৫ অক্টোবর মার্কিন কংগ্রেস সদস্য জোশ গটহেইমার, মাইকেল ম্যাককল এবং ডন বেকন যৌথভাবে এই ঐতিহাসিক প্রস্তাবটি পেশ করেন। বর্তমানে প্রস্তাবটি গভীর বিবেচনার জন্য ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে’ পাঠানো হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, গত ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৪ জন যাত্রী নিয়ে ইজরায়েলের তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড়েছিল ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর বিমানটি। যাত্রীদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং ২৭টি শিশুও ছিল।

৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে নেমে আসে বিমান!
উড়ান চলাকালীন হঠাৎই ককপিটে থাকা প্রথম আধিকারিক (সহ-পাইলট) উন্মত্তের মতো বিমানের জরুরি ব্যবহারের কুঠার (Crash Axe) দিয়ে মূল পাইলট স্মিত মচ্ছারের মাথার ওপর আক্রমণ চালায় এবং বিমানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা এই হামলার পর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ১৪ হাজার ফুটেরও বেশি নিচে নেমে আসে!

মরণাপন্ন আঘাত ও খুলি ফেটে যাওয়া সত্ত্বেও অদম্য মানসিক জোর দেখিয়ে হামলাকারীকে প্রতিরোধ করেন ভারতীয় পাইলট স্মিত। নিজের অবশিষ্ট শক্তি প্রয়োগ করে তিনি ককপিটের কোডেড দরজাটি খুলে দেন। বাইরে থাকা অফ-ডিউটি পাইলটরা তৎক্ষণাৎ ককপিটে ঢুকে পড়েন এবং অন্যান্য ক্রু ও যাত্রীদের সহায়তায় হামলাকারী সহ-পাইলটকে কাবু করেন। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি ও নিরাপদে অবতরণ করে।

আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের স্বীকৃতি ও তদন্তের নির্দেশ
গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) অ্যাটর্নি জেনারেল আনুষ্ঠানিকভাবে জানান যে, তদন্তে ওই প্রথম আধিকারিকের বিরুদ্ধে সুপরিকল্পিত ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ প্রমাণ মিলেছে।

মার্কিন প্রস্তাবটিতে ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের ‘অসামান্য ও অভূতপূর্ব সাহসিকতার’ ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিমানে থাকা অফ-ডিউটি পাইলট, কেবিন ক্রু এবং অসমসাহসী যাত্রীদের ভূমিকাকেও আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়েছে। একই সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিকে দ্রুত আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আমেরিকা ও ইজরায়েলকে সমস্ত তথ্য হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *