ডেটিং অ্যাপের আলাপ গড়ায় প্রেমে, তারপরই শুরু নরকযাতনা! ভুয়ো ধর্ষণের হুমকিতে ৯০ লক্ষ টাকা খোয়ালেন যুবক

ডেটিং অ্যাপে আলাপ থেকে পরিচয়, সেখান থেকে ঘনিষ্ঠতা। কিন্তু তারপরই শুরু ভয়ঙ্কর ব্লাকমেলিং! ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে এক-দু’লাখ নয়, একে একে মোট ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রামে বসবাসকারী পশ্চিমবঙ্গের এক তরুণীর বিরুদ্ধে। অবশেষে পুলিশের পাতা বিশেষ ফাঁদে পা দিয়ে হাতেনাতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত এমবিএ পাস তরুণী।
পুলিশের হস্তক্ষেপে তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হয়েছে, যেটিতে জমা রয়েছে প্রায় ৯৫ লক্ষ টাকা! এছাড়াও তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডেটিং অ্যাপের প্রেম যেভাবে পরিণত হলো ব্ল্যাকমেলে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর নাম সূর্যদিতা দাস (২৪)। তিনি মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কর্মসূত্রে গুরুগ্রামের সুশান্তলোকে থাকতেন। তিনি একজন এমবিএ স্নাতকা।
অভিযোগকারী অঙ্কিত আগরওয়াল একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রায় তিন বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে অঙ্কিত ও সূর্যদিতার পরিচয় হয়। সেখান থেকে ফোন নম্বর আদান-প্রদান এবং কথাবার্তা বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
অভিযোগ, সম্পর্কের কিছুদিন পরেই নিজের আসল রূপ দেখান সূর্যদিতা। অঙ্কিতকে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতে শুরু করেন তিনি। এমনকি দাবি মতো টাকা না দিলে ভুয়ো ধর্ষণের মামলার পাশাপাশি অঙ্কিতের পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। লোকলজ্জা এবং পরিবারের সুরক্ষার ভয়ে অঙ্কিত দফায় দফায় নগদ ও ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে মোট ৯০ লক্ষ টাকা ওই তরুণীকে দিয়ে দেন।
ক্যাফেতে পাতা ফাঁদ, হাতেনাতে গ্রেপ্তার তরুণী
৯০ লক্ষ টাকা পাওয়ার পরেও থামেননি সূর্যদিতা। অতি সম্প্রতি তিনি অঙ্কিতের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। ততদিনে সব হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অঙ্কিতের। অবশেষে বাধ্য হয়ে গত ৪ অক্টোবর গুরুগ্রাম সদর থানায় পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ পাওয়ার পরেই কালবিলম্ব না করে তরুণীকে হাতেনাতে ধরতে পরিকল্পনা ছকে ফেলে সদর থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী, অঙ্কিত সূর্যদিতাকে সেক্টর ৪৭-এর সোহনা রোডের একটি ক্যাফেতে টাকা নেওয়ার জন্য ডাকেন। সেখানে আগে থেকেই সাধারণ পোশাকে ওত পেতে বসেছিল পুলিশ দল। অঙ্কিত পুলিশ চিহ্নিত করে দেওয়া ৫০ হাজার টাকার বান্ডিল তরুণীর হাতে দেওয়া মাত্রই সাদা পোশাকের পুলিশ তাঁকে ঘিরে ধরে গ্রেপ্তার করে।
অ্যাকাউন্টে ৯৫ লক্ষ টাকা, ২ দিনের পুলিশি হেফাজত
গ্রেপ্তারের পর পুলিশ তাঁর কাছ থেকে চিহ্নিত নগদ ৫০ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৯৫ লক্ষ টাকা ফ্রিজ করে দেয়।
ভারতীয় ন্যায় সংহিতার (BNS) তোলাবাজি ও হুমকি সংক্রান্ত ৩০৮(৫) ধারায় মামলা রুজু করে তরুণীকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই তোলাবাজি চক্রে সূর্যদিতা একা ছিলেন নাকি এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।