পুজোর আগে ফুঁসে উঠলেন মহিলারা! সেবা সেতু ক্যাম্পে চেয়ার-ব্যানার ভেঙে ধুন্ধুমার মালদায়।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না পৌঁছনোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হওয়া ক্ষোভের আঁচ এবার গিয়ে পড়ল মালদায়। রাজ্য সরকারের নতুন ‘সেবা সেতু’ (Seba Setu) ক্যাম্পকে কেন্দ্র করে মালদার রতুয়া-২ ব্লকের মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয় চত্বরে তুলকালাম কাণ্ড ঘটে গেল। দীর্ঘদিনের বঞ্চনা এবং হয়রানির অভিযোগে শেষপর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেবা সেতু শিবিরে এসে মহিলারা জানতে পারেন যে সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সুনির্দিষ্ট সমস্যার সমাধান মিলছে না। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে। শিবিরের দায়িত্বে থাকা সরকারি কর্মী ও আধিকারিকদের ঘিরে তীব্র বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, ক্ষুব্ধ মহিলারা ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল উল্টে ফেলে দেন এবং সরকারি ব্যানার-প্লাকার্ড ছিঁড়ে চূর্ণবিচূর্ণ করে দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সরকারি আধিকারিকদের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মহিলাদের ধস্তাধস্তি বেধে যায়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ বেশ কয়েকজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বহুবার ফর্ম পূরণ ও দপ্তরে ঘুরেও তাঁরা মাসের পর মাস অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। অথচ সেবা সেতু শিবিরে এসেও কোনো সদুত্তর না মেলায় তাঁদের ক্ষোভ চরম রূপ ধারণ করে। উল্লেখ্য, শুধু মালদহেই নয়, এই প্রকল্পের টাকা না পাওয়ায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই সেবা সেতু শিবিরগুলিতে সাধারণ মানুষের ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে।