টানা ৮ ঘণ্টা জেরা, তারপরেই সোজা হাতকড়া! মিঠি নদী সাফাই কেলেঙ্কারিতে সিঙ্ঘমের জালে জনপ্রিয় নায়ক

মুম্বইয়ের বহুচর্চিত মিঠি নদী দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ডিনো মোরিয়া। মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা (EOW) তাঁকে গ্রেফতার করেছে। এর আগে বান্দ্রায় অভিনেতার বাড়িতে টানা আট ঘণ্টা ম্যারাথন জেরা চালায় পুলিশ। মিঠি নদী থেকে আবর্জনা পরিষ্কারের একটি বিশাল চুক্তির জেরে বৃহন্মুম্বই পুরসভার (BMC) প্রায় ৬৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে, আর এই কেলেঙ্কারির সঙ্গেই সরাসরি জড়িয়ে গেছে ডিনো মোরিয়ার নাম।
কীভাবে ফাঁস হলো দুর্নীতির জাল?
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া একটি কোম্পানির ডিরেক্টর। তাঁর সেই কোম্পানিই এই নদী সাফাই চুক্তি থেকে বিপুল পরিমাণে আর্থিক সুবিধা হাতিয়ে নিয়েছিল। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-ও এই মামলায় অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। পাশাপাশি, কোচিভিত্তিক ‘ম্যাট প্রোপ’ (Matt Prop) কোম্পানির কয়েকজন কর্মীর নামও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এর আগেও মুম্বই পুলিশের ইওডব্লিউ (EOW) ডিনো মোরিয়াকে টানা ছ’ঘণ্টা জেরা করেছিল। সেবার জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশ জানিয়েছিল, প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বিএমসি (BMC)-র কিছু অসাধু আধিকারিক, ঠিকাদার এবং দালালরা একত্রে মিলে সাধারণ মানুষের এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
২০০৫ সালের বন্যার প্রেক্ষাপট ও ভুয়ো বিলের খেলা
তদন্ত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ভয়াবহ বন্যার বিপর্যয়ের পরই প্রশাসন মুম্বইকে বর্ষার জলযন্ত্রণার হাত থেকে বাঁচাতে মিঠি নদীর পলি ও আবর্জনা পরিষ্কারের এক নতুন উদ্যোগ নিয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, অভিযুক্তরা নদী থেকে বাস্তবে কোনো পলি বা আবর্জনা না তুলেই কেবল ভুয়ো ছবি ও ভিডিও জমা দিয়েছিল। এমনকি গাড়ির যাতায়াতের ভুয়ো লগ শিট তৈরি করা হয় এবং কাজ সম্পূর্ণ না করেই কোটি কোটি টাকার ভুয়ো বিল পাশ করিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়।
এই মেগা কেলেঙ্কারিতে বলিউড তারকার সরাসরি গ্রেফতারির জেরে গোটা বিনোদন জগত ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।