ছুটির আনন্দ মুহূর্তে পরিণত হল ট্র্যাজেডিতে! বালিতে গিয়ে মারাত্মক আঘাত, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরে লড়ার প্রস্তুতি নুসরতের

ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। কাজের সূত্রে সেখানে গিয়ে এক আকস্মিক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক চোট লেগেছে এবং মেরুদণ্ডে চিড় ধরেছে। নড়াচড়ার ক্ষমতাটুকুও প্রায় নেই বললেই চলে। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে তড়িঘড়ি মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিস্থিতি গুরুতর হওয়ায় অভিনেত্রীকে দ্রুত স্পাইন সার্জারির মুখোমুখি হতে হবে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। এই ছবি ও ভিডিওগুলো প্রকাশ্যে আসতেই তাঁর ভক্ত ও অনুরাগী মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা শুরু করেছেন অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, “তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” আরেকজন লিখেছেন, “হায় ঈশ্বর! স্ট্রেচারে থাকা কাউকে দেখতে ভালো লাগে না।”
টিমের আনুষ্ঠানিক বিবৃতি ও গোপনীয়তার অনুরোধ
১ অক্টোবর বালিতে এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর পিআর টিমের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, এই মুহূর্তে তাঁদের একমাত্র অগ্রাধিকার হলো নুসরতের সুচিকিৎসা এবং স্বাস্থ্য নিশ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, “নুসরতকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বই ফিরিয়ে আনা হয়েছে, যেখানে তাঁর অস্ত্রোপচার করা হবে। আগামী কয়েক সপ্তাহের জন্য তাঁর সমস্ত কাজ ও প্রজেক্ট স্থগিত থাকবে।”
অভিনেত্রীর দ্রুত আরোগ্যের স্বার্থে তাঁর ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে। টিম জানিয়েছে, “আমরা সকলের উদ্বেগ ও শুভকামনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট সঠিক সময়ে জানানো হবে।”
বলিপাড়ায় নুসরতের সফর
উল্লেখ্য, দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে একটি রোদচশমা পরা ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘Holiday on my mind! Where do I head out to now?’—তার ঠিক পরেই এই আকস্মিক বিপর্যয় নেমে এল। বলিপাড়ায় নুসরতের কেরিয়ারে প্রায় দু’দশক অতিক্রান্ত। ২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবি দিয়ে পথচলা শুরু হলেও ২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরবর্তীকালে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন এই তারকা। অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন, তাঁদের প্রিয় অভিনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ফের চেনা ছন্দে ফিরে আসেন।