হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেই কি টাকা কাটবে? ১ অক্টোবর থেকে চালু হওয়া নতুন নিয়ম নিয়ে বড় আপডেট

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনে সম্প্রতি একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তবে কি এবার থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করলেই পকেট থেকে টাকা কাটবে? ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপে নতুন চার্জের নিয়ম চালু হওয়ার পর থেকেই এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। কারণ, এই নতুন নিয়ম সাধারণ মানুষের ব্যক্তিগত চ্যাটের জন্য প্রযোজ্য নয়।
কাদের জন্য প্রযোজ্য এই নতুন নিয়ম?
মেটা মূলত হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী বাণিজ্যিক কোম্পানিগুলির জন্যই এই নতুন নিয়ম নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত কোনো গ্রাহক মেসেজ করার ২৪ ঘণ্টার মধ্যে কোম্পানিগুলি সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস মেসেজ পাঠাতে পারত। যার মধ্যে অর্ডার কনফার্মেশন, ডেলিভারি স্ট্যাটাস বা কাস্টমার সার্ভিসের মতো জরুরি তথ্য থাকত।
কিন্তু ১ অক্টোবর থেকে এই ২৪ ঘণ্টার উইন্ডোর মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজগুলির জন্য কোম্পানিগুলিকে অর্থ প্রদানের নিয়ম চালু হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতি মাসে প্রথম ১,০০০টি সার্ভিস মেসেজ সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুবিধা বহাল রাখা হয়েছে। এই নির্দিষ্ট সীমা পেরোলেই কেবল চার্জ প্রযোজ্য হবে, যা মূলত ব্যাঙ্ক, ই-কমার্স সাইট এবং বড় বড় কোম্পানিগুলিকেই মেটাকে মেটাতে হবে।
মেসেজপিছু খরচ কত?
ভারতে ইউটিলিটি মেসেজের বেস চার্জ হলো ১১.৫ পয়সা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত করলে মেসেজপিছু মোট খরচ গিয়ে দাঁড়ায় প্রায় ১৪ পয়সায়। তবে প্রমোশনাল বা মার্কেটিং মেসেজের ক্ষেত্রে এই চার্জ আরও কিছুটা বেশি হতে পারে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
হোয়াটসঅ্যাপে কোনো কোম্পানির কাছে অর্ডারের বিষয়ে জানতে চাইলে বা অনলাইনে জিনিস কেনার পর অর্ডার কনফার্মেশন মেসেজ পাওয়ার জন্য সাধারণ গ্রাহকদের পকেট থেকে একটি পয়সাও কাটা যাবে না। এই সম্পূর্ণ খরচটাই বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।
তাই ‘১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপে টাকা লাগছে’—এমন কোনো ভুয়ো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিয়ম পরিবর্তন কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টগুলির জন্যই প্রযোজ্য। এছাড়া ফেসবুক পেজ বা বিজ্ঞাপনের ‘ক্লিক টু হোয়াটসঅ্যাপ’ বোতাম থেকে শুরু হওয়া চ্যাটের ফ্রি সুবিধাও আগের মতোই চালু থাকছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চ্যাটিং বা বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না।