শুটিংয়ে নয়, তিরন্দাজিতেও কোরিয়া বধ! ১৭ বছর বয়সে এশিয়ান গেমসে ইতিহাস গড়ে সোনা জয় ভারতের কুমকুমের

এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের জন্য এল এক ঐতিহাসিক মুহূর্ত। শনিবার মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ প্রতিপক্ষ ওহ ইয়েজিনকে এক রুদ্ধশ্বাস শুট-অফে হারিয়ে স্বর্ণপদক জিতে নিলেন ভারতের ১৭ বছর বয়সি তরুণ আর্চার কুমকুম মোহদ। ফাইনালে টানটান উত্তেজনার পর পাঁচ সেটের শেষে স্কোর ৫-৫ পয়েন্টে ড্র থাকায় ম্যাচের ফয়সালা গড়ায় রোমাঞ্চকর শুট-অফে। আর শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে নিখুঁত ১০ পয়েন্টে তির মেরে দেশের মুকুটে সোনালী সাফল্য এনে দিলেন এই তরুণী।

শুট-অফের রোমাঞ্চ ও ফাইনালের লড়াই
এদিন ফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান কোরিয়ান আর্চার ওহ ইয়েজিন। দ্বিতীয় সেট ২৯-২৯ পয়েন্টে ড্র হয়। তবে তৃতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন কুমকুম। তিনি পরপর তিনটি ১০ মেরে নিখুঁত ৩০ স্কোর করেন এবং ম্যাচ ৩-৩ পয়েন্টে সমতায় ফেরেন।

চতুর্থ সেটে কোরিয়ান প্রতিপক্ষ সামান্য এগিয়ে গেলেও, পঞ্চম তথা শেষ সেটে খাদের কিনারায় দাঁড়িয়ে ফের জাদুকরি পারফর্ম করেন কুমকুম। আবারও তিনটি ১০ মেরে তিনি ৩০ স্কোর করেন এবং ম্যাচ ৫-৫ পয়েন্টে ড্র করে শুট-অফে নিয়ে যান। শেষ তিরের লড়াইয়ে ওহ ৮ পয়েন্ট স্কোর করলেও, কুমকুম নিখুঁত নিশানায় ১০ পয়েন্টে তির মেরে সোনা নিশ্চিত করেন।

সোনা, রুপো মিলিয়ে স্বপ্নের ফর্ম
এবারের এশিয়ান গেমস কুমকুমের কাছে সত্যিই রূপকথার মতো কাটছে। ব্যক্তিগত ইভেন্টের সোনা ছাড়াও তিনি এই গেমসে দুর্দান্ত পারফর্ম করেছেন। শুক্রবারই তিনি মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনা এবং মিক্সড টিম ইভেন্টে রুপো জিতেছিলেন। অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দলগত ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়েছিলেন।

পাশাপাশি, ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে তিনি দক্ষিণ কোরিয়ার বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন কাং চেয়ং-কে ৬-৪ ব্যবধানে এবং সেমিফাইনালে চিনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী ঝু জিংয়িকে ৬-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে ২০১০ সালের গুয়াংঝাউ গেমসে তরুণদীপ রাই ব্যক্তিগত রিকার্ভে রুপো জিতেছিলেন। তবে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে ভারতের হয়ে এই প্রথম সোনা এল কুমকুমের হাত ধরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *