কলকাতার নাম শুনলেই কেন নস্ট্যালজিক হয়ে পড়েন অমিতাভ বচ্চন? পার্ক স্ট্রিট নিয়ে কোন গোপন কথা ফাঁস করলেন শাহেনশা?

কুইজ রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-এর মঞ্চে ফের একবার কলকাতার স্মৃতিতে ডুব দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যাঁকে ভালোবাসার সুত্রে ‘কলকাতার জামাই’ বলা হয়, সেই শহরের সঙ্গেই তাঁর রয়েছে এক গভীর ও অটুট আত্মিক বন্ধন। সম্প্রতি শো-তে এক বাঙালি প্রতিযোগী সৌরজ্য দাস হটসিটে আসতেই নস্ট্যালজিক হয়ে পড়েন বিগ বি। আলাপচারিতার ফাঁকে উঠে আসে কলকাতার আইকনিক পার্ক স্ট্রিট, সেখানকার লাইভ-মিউজিক সংস্কৃতি এবং প্রবীণ গায়িকা ঊষা উত্থুপের সঙ্গে অমিতাভের পুরোনো দিনের নানান স্মৃতির কথা।

পার্ক স্ট্রিটের সোনালী দিন ও রেস্তোরাঁর সংস্কৃতি ষাটের দশকে কলকাতায় কর্মজীবন শুরু করার সুবাদে এই শহরের নাইটলাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন অমিতাভ। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমাদের রাতের বিনোদন বলতে এটাই ছিল। পার্ক স্ট্রিটে সব রেস্তোরাঁ যেন এক সারিতে সাজানো থাকত। অসাধারণ এক জায়গা… সারা বিশ্বে এমন দৃশ্য আমি কোথাও দেখিনি যে, একটা রাস্তার ওপর মাত্র ১০০ মিটারের ব্যবধানে পাঁচ-ছয়টা রেস্তোরাঁ পাশাপাশি রয়েছে—আর প্রতিটিই একেকটি সেরা মানের।”

পাশাপাশি পার্ক স্ট্রিটের জনপ্রিয় ভেন্যুগুলোতে যাঁদের গান শুনতে ভিড় জমাতেন মানুষ, সেই ঊষা উত্থুপ ও লুইস ব্যাঙ্কসের কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি। ১৯৬৯ সালে কলকাতায় এসে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকেই নিজের পেশাদার সংগীতজীবন শুরু করেছিলেন ঊষা উত্থুপ। সেকালের বহু বিখ্যাত ব্যক্তিত্বের পাশাপাশি সত্যজিৎ রায়, উত্তম কুমার, শর্মিলা ঠাকুর এবং স্বয়ং অমিতাভ বচ্চনকে সেখানকার নাইটক্লাবগুলোতে দেখা যাওয়ার স্মৃতি অতীতে বহুবার ভাগ করে নিয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

খাবারের প্রেমে মজে থাকা শাহেনশা শুধু গান বা আড্ডাই নয়, কলকাতার খাবারের সংস্কৃতির প্রতি নিজের ভালোলাগার কথাও এদিন অকপটে স্বীকার করেন বিগ বি। নিজামের সুস্বাদু কাবাব, রোল এবং কলকাতার নানা ঐতিহ্যবাহী খাবারের কথা অত্যন্ত নস্ট্যালজিয়ার সঙ্গে স্মরণ করেন তিনি। বাংলার সঙ্গে অমিতাভ বচ্চনের এই পুরনো আবেগ ও ভালোবাসার কথা সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *