শরৎচন্দ্রের চরিত্রে টোটা আর সব্যসাচী মল্লিকের লুকে আবির! পুজোয় আসছে বাংলা চলচ্চিত্রের এক যুগান্তকারী মাস্টারপিস

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সাহিত্য এবং তাঁর বহুচর্চিত নিষিদ্ধ উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সঙ্গে এক লেখকের চিন্তা ও কলমের সংঘাতের সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর অধ্যায়কে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন নন্দী মুভিজের ব্যানারে খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছ তাঁর নতুন মেগা প্রজেক্ট ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। আর ছবি মুক্তির ঠিক আগে একেবারে অন্যরকম এক পরিবেশ ও উন্মাদনার মধ্য দিয়ে প্রকাশিত হলো এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।

শরৎকুঠির আঙিনায় জমজমাট ট্রেলার লঞ্চ

বৃহস্পতিবার বিকেলে হুগলি তথা গ্রামীণ হাওড়ার বাগনানের সামতাবেড়ে শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘শরৎকুঠি’-র পাশেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবনের প্রায় ১২টি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন কথাশিল্পী। সেই পবিত্র প্রাঙ্গণেই এদিন হাজির হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী-সহ ছবির একঝাঁক তারকা। অনুষ্ঠানের শুরুতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অভিনেতারা। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য এবং ট্রেলার লঞ্চের সাক্ষী থাকতে আশপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও সাহিত্যপ্রেমীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাগনান থানার পক্ষ থেকেও ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

কাকে কোন চরিত্রে দেখা যাবে?

সৃজিত মুখোপাধ্যায়ের এই বিশেষ ছবিতে তারকাদের লুক ইতিমধ্যেই দর্শকদের মনে চরম কৌতূহল সৃষ্টি করেছে। ছবিতে খোদ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে সঞ্জয় নাগকে, আর বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্রে অবতীর্ণ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। এছাড়াও এই তারকাবহুল ছবিতে মিমি চক্রবর্তীর মতো প্রথম সারির তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

‘পথের দাবী’ ও ব্রিটিশ রাজের সংঘাত

যে উপন্যাস বা বইটির ভয়ে একদিন কেঁপে উঠেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য, যার পাতায় পাতায় লুকিয়ে ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন, অন্যায়ের প্রতিবাদ আর মুক্তির অদম্য স্পৃহা—সেই ‘পথের দাবী’ উপন্যাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই পুজোয় দর্শকদের এক নতুন অভিজ্ঞতার উপহার দিতে চলেছে এই ছবি। সৃজিতের মুন্সিয়ানায় ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কলম ধরে এক সাহিত্যিকের লড়াই বড়পর্দায় ঠিক কতটা জমজমাট হয়ে ওঠে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *