মাঝ আকাশে রোমহর্ষক লড়াই! কো-পাইলটের প্রাণঘাতী হামলা রুখে দিয়ে কীভাবে ১৭৪টি জীবন বাঁচালেন ভারতীয় পাইলট?

মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ঘটে গেল এক রোমহর্ষক ও ভয়াবহ ঘটনা। দুবাই থেকে তেল আভিভগামী ওই ফ্লাইটে কো-পাইলট হঠাৎই আক্রমণ করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরকে। অভিযোগ, তাঁকে ছুরি মেরে বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা করা হয়। কিন্তু চরম বিপদের মুখে দাঁড়িয়েও নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ওই ভারতীয় পাইলট। তাঁর এই অসামান্য সাহসিকতার জন্য তাঁকে ‘হিরো’ বলে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ঠিক কী ঘটেছিল আকাশে? সূত্রের খবর, ফ্লাইদুভাইয়ের ফ্লাইট FZ1073 যখন আকাশে ছিল, সেই সময় ককপিটের ভেতর কো-পাইলট হঠাৎই ক্যাপ্টেন স্মিত মাচ্ছরকে ছুরি মারেন এবং বিমানটিকে দুর্ঘটনার মুখে ঠেলার চেষ্টা করেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও হাল ছাড়েননি ক্যাপ্টেন মাচ্ছর। রক্তাক্ত অবস্থাতেই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা আনলক করতে সক্ষম হন। এর পরেই বিমানের অন্য ক্রু ও যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করে ফেলেন। এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে নিরাপদে জরুরি অবতরণ করানো হয়।

সিএনএস নিউজ ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ধস্তাধস্তির সময় বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীদের সম্মিলিত প্রতিরোধ এবং বিমানের অন্য পাইলট ও ক্রুদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ফ্লাইদুবাই কর্তৃপক্ষও ফ্লাইট ডেকে এই গণ্ডগোলের কথা স্বীকার করেছে এবং সাময়িকভাবে ইজরায়েলে তাদের সমস্ত উড়ান বাতিল করেছে।

বিশ্বজুড়ে প্রশংসার জোয়ার ভারতীয় পাইলটের এই বীরত্বে মুগ্ধ গোটা বিশ্ব। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছর একজন হিরো। চরম বিপদের মুখে এবং নিজে গুরুতর আহত হয়েও তিনি অন্যদের জীবন বাঁচাতে যে অদম্য সাহস দেখিয়েছেন, তা অভাবনীয়। তাঁর এই সাহসিকতা শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছে। তাঁকে নিয়ে ভারত গর্বিত।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন মাচ্ছরের প্রশংসা করে তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি ইজরায়েলের বিদেশ মন্ত্রক, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই ভারতীয় পাইলটের কর্তব্যের প্রতি নিষ্ঠা ও সাহসিকতাকে স্যালুট জানিয়েছে। ইজরায়েলি ও এমিরেতি যাত্রীদের সঙ্গে ভারতীয় পাইলটের এই যৌথ লড়াইকে বিশ্বজুড়ে সাহসিকতার এক অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে গুরুতর আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছর চিকিৎসাধীন রয়েছেন এবং বিশ্বজুড়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। কমার্শিয়াল এভিয়েশনে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই অভিজ্ঞ পাইলট এর আগে ভারতের স্পাইসজেট সংস্থাতেও দীর্ঘ ১১ বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *