৮th Pay Commission: ১.১৫ কোটি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট আপডেট, কবে থেকে বাড়বে বেতন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Central Pay Commission) দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সফর এবং কর্মচারী সংগঠন, ইউনিয়ন ও পেনশনভোগী সংগঠনগুলির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু করেছে। কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন পক্ষের মতামত, দাবি ও প্রস্তাবগুলি খতিয়ে দেখা হচ্ছে।

কোন কোন শহরে চলছে কমিশনের সফর?
কমিশনের সরকারি টাইমটেবল অনুযায়ী, ২০২৬ সালে কলকাতা, ভুবনেশ্বর, লখনউ, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর ও পুদুচেরির মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে সফরের কর্মসূচি রয়েছে। এর আগে গত ৯ ও ১০ জুলাই ২০২৬ তারিখে কলকাতায় কমিশনের প্রতিনিধি দল সফর করেছিল। এছাড়া আগামী ৭-৮ অক্টোবর বেঙ্গালুরুতে এবং ২২-২৩ অক্টোবর মুম্বইয়ে এই সফর নির্ধারিত রয়েছে।

কারা জানাচ্ছেন মতামত?
অষ্টম বেতন কমিশনের পরামর্শ গ্রহণ প্রক্রিয়ায় শুধুমাত্র বর্তমান কর্মচারীরাই নন, বরং বিভিন্ন কর্মচারী ইউনিয়ন, পেনশনভোগী, অবসরপ্রাপ্ত কর্মী, গবেষক, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। MyGov পোর্টালের মাধ্যমে একটি ১৮টি প্রশ্ন সম্বলিত প্রশ্নমালা চালু করা হয়েছিল, যেখানে গত ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত মতামত জমা নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠনের কাছ থেকে স্মারকলিপি ও প্রস্তাবও সংগ্রহ করা হয়েছে।

কারা রয়েছেন কমিশনে?
কেন্দ্রীয় সরকার গঠিত এই অষ্টম বেতন কমিশনের নেতৃত্বে রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ সদস্য:

চেয়ারপারসন: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই

পার্ট-টাইম সদস্য: প্রফেসর পুলক ঘোষ

মেম্বার-সেক্রেটারি: পঙ্কজ জৈন

সুপারিশ জমার সময়সীমা ও কার্যকর হওয়া নিয়ে কী জানা যাচ্ছে?
কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ২০২৫ সালের ২৮ অক্টোবর অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স (ToR) অনুমোদন করে এবং ৩ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে কমিশন গঠন করা হয়। নিয়ম অনুযায়ী, গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে অর্থাত্ ২০২৭ সালের ৩ মের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে। তবে এর আগে প্রয়োজন হলে অন্তর্বর্তীকালীন রিপোর্টও পেশ করতে পারে কমিশন।

পিয়ার বি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোর সম্ভাব্য ভিত্তি-তারিখ ১ জানুয়ারি ২০২৬ ধরা হলেও, চূড়ান্ত সুপারিশ পেশ এবং সরকারের অনুমোদনের পরই তা কার্যকর হবে।

কতজন উপকৃত হবেন?
সরকারি তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী (প্রতিরক্ষা ও রেলওয়ের কর্মীসহ) যুক্ত রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১.১৫ কোটি মানুষ এই কমিশনের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। তবে ফিটমেন্ট ফ্যাক্টর বা কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো অঙ্ক ঘোষণা করা হয়নি। কমিশনের রিপোর্ট জমা পড়ার এবং সরকারের সবুজ সংকেত মিলার পরই সেই চিত্র স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *