রাজ্যে হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি! কলকাতা সহ কোন ১২টি বিপজ্জনক হটস্পট নিয়ে ঘুম উড়েছে নবান্নের?

রাজ্যে দিন দিন মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় এবার সরাসরি আসরে নামল নবান্ন। কোন কোন এলাকায় ডেঙ্গি পজিটিভ কেস বা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে ১২টি বিশেষ হটস্পট ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।
রাজ্য সরকার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে বর্তমানে শীর্ষে রয়েছে কলকাতা পৌরসভা এলাকা। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও ডেঙ্গির বাড়বাড়ন্তের খবর আসছে, যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্তারা।
কোথায় কোথায় সবথেকে বেশি বিপদ?
-
কলকাতা: কলকাতা পৌরসভার ২, ৫, ১৬, ৭৭ ও ১১৭ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
-
মুর্শিদাবাদ: জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকে ১০৩ জন, নওদায় ৫১ জন এবং লালগোলায় ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
-
নদিয়া ও জলপাইগুড়ি: নদিয়ার তেহট্ট-১ ব্লকে ৭৪ জন আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ির মাল ও মাটিয়ালি ব্লকে যথাক্রমে ৬৭ ও ৩৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
-
হাওড়া ও হুগলি: হাওড়া পৌরসভায় আক্রান্তের সংখ্যা ৪৪, এবং বিশেষ নজর রয়েছে ১৫, ২১ ও ২৪ নম্বর ওয়ার্ডে। এছাড়া হুগলির পোলবা ব্লকেও ৩৮ জন আক্রান্ত হয়েছেন।
-
দক্ষিণ ২৪ পরগনা ও আসানসোল: ভাঙড়-১ ও ভাঙড়-২ ব্লকে যথাক্রমে ৩৬ ও ৩২ জন এবং আসানসোল পৌরনিগম এলাকাতেও ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
স্কুলগুলির জন্য কড়া নির্দেশিকা: সংক্রমণ রুখতে শুধুমাত্র চিকিৎসা বা নজরদারি বাড়িয়েই ক্ষান্ত থাকছে না প্রশাসন, জোর দেওয়া হচ্ছে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারেও। রাজ্যের স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে যুক্ত করে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ সচেতনতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। নবান্নে আয়োজিত উচ্চপর্যায় বৈঠকের পরই রাজ্যের সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের কাছে এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিকাশ ভবন।