স্বনির্ভর গোষ্ঠীর ৪২ লক্ষ টাকা উধাও! হিসেব চাইতে গিয়ে আধিকারিককে ঘিরে চরম বিক্ষোভ, তোলপাড় বুদবুদ

স্বনির্ভর গোষ্ঠীর তহবিলের লক্ষ লক্ষ টাকার হিসেব নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। অডিটে প্রায় ৪২ লক্ষ টাকার হদিশ না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। এই বিপুল পরিমাণ অর্থের কোনো সদুত্তর না পেয়ে গোষ্ঠীর আধিকারিক সীমা দেবকে ঘিরে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বুদবুদের সুখডাল এলাকা।
গলসি ১ নম্বর ব্লকের মহিলাদের নিয়ে গঠিত হয়েছে ‘সোনার তরী মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’। দীর্ঘদিন ধরে এই সমবায়ের সঙ্গে যুক্ত মহিলারা। কিন্তু সাম্প্রতিক অডিট রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা যায়, ২০২৪ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় ৪২ লক্ষ টাকার কোনো হদিশ মিলছে না। এর পরেই ক্ষুব্ধ সদস্যরা ২০২৬ সাল পর্যন্ত সংস্থার সমস্ত আর্থিক লেনদেন ও পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন।
সদস্যদের অভিযোগ, তৎকালীন দায়িত্বে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশেই এই তছরুপ হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে গলসি ১ নম্বর ব্লকের বিজেপির মহিলা মোর্চার সভাপতি তথা গোষ্ঠীর সদস্য কামেনি বণিক জানান, গরিব মানুষের কষ্টের টাকার কোনো হিসেব দেওয়া হচ্ছে না। অবিলম্বে ৪২ লক্ষ টাকার জবাবদিহি করতে হবে। যদিও অভিযুক্ত আধিকারিক সীমা দেব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। উলটে তাঁর বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছড়িয়েছে।