গন্তব্য নয়, অভিজ্ঞতা আসল! ছুটির পরিকল্পনা বদলাচ্ছে জেন-জি, ট্রাভেল ট্রেন্ডে বড় চমক

আজকের তরুণ প্রজন্ম, অর্থাৎ জেন-জি (Gen Z), ছুটি কাটানোর প্রচলিত সব সংজ্ঞাই যেন বদলে দিচ্ছে। অতীতে যেখানে ছুটি মানেই আগে থেকে কোনো জনপ্রিয় গন্তব্য ঠিক করে ফ্লাইট বা হোটেলের বুকিং সারা হতো, সেখানে বর্তমান প্রজন্ম গন্তব্যকে নয় বরং আসল জোর দিচ্ছে অভিজ্ঞতার ওপর। গোয়া, জয়পুর কিংবা দুবাইয়ের মতো নির্দিষ্ট কোনো শহরের টানে নয়, বরং কোনো কনসার্ট, মিউজিক ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল বা থিম পার্কের আকর্ষণেই এখন ব্যাগ গোছাতে শুরু করছেন তরুণরা। গন্তব্য কোথায় হবে, সেই প্রশ্নটি আসচে একদম শেষে।
এয়ারবিএনবি-র ‘২০২৬ এক্সপেরিয়েন্স-লেড ট্র্যাভেল ইনসাইটস’ শীর্ষক সাম্প্রতিক গবেষণা থেকে এই তথ্যই প্রকাশ্যে এসেছে। পরিসংখ্যান বলছে, প্রতি ১০ জন ভারতীয় জেন-জি পর্যটকের মধ্যে ৭ জনই দীর্ঘ বার্ষিক ছুটির চেয়ে তিন দিনের ছোট ছোট ট্রিপ বা উইকএন্ড গেটওয়ে বেশি পছন্দ করেন। শুধু তাই নয়, প্রায় ৮০ শতাংশ তরুণ মনে করেন যে কোনো বিখ্যাত গন্তব্যে ঘুরে বেড়ানোর চেয়ে ভ্রমণের ছোট ছোট মুহূর্তগুলো অনেক বেশি অর্থবহ। ফলে ছুটির দিনে এখন মূল প্রশ্ন আর “আমরা কোথায় যাচ্ছি?” থাকছে না, বদলে তা হয়ে দাঁড়াচ্ছে “আমরা কী করতে যাচ্ছি?”
আগে কনসার্ট, পরে ফ্লাইট:
এই ট্রেন্ড বদলের সবথেকে বড় উদাহরণ হল মিউজিক ও কনসার্ট ট্যুরিজম। এয়ারবিএনবি-র রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬২ শতাংশ ভারতীয় জেন-জি ভ্রমণকারী ২০২৬ সালে কোনো না কোনো কনসার্ট বা সঙ্গীত উৎসবে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন। এমনকি ৭৬ শতাংশ তরুণ স্বীকার করেছেন যে তাঁরা শুধুমাত্র কোনো কনসার্ট বা ইভেন্টের টানেই জীবনে প্রথমবার কোনো নতুন শহরে পা রেখেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও গন্তব্যটিকে ভালোভাবে চিনে নিতে অনেকে তাঁদের থাকার মেয়াদ বাড়িয়ে দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন দৃষ্টিভঙ্গি পর্যটন শিল্পের পুরো সমীকরণটাই বদলে দিচ্ছে। পরিকল্পনাটা ঠিক উল্টো পথে হাঁটছে— প্রথমে পছন্দের কোনো কনসার্ট বা ইভেন্টের টিকিট কাটা হচ্ছে, তার পর দেখা হচ্ছে ফ্লাইট ও হোটেল। আর এই ছুতোতেই অচেনা কোনো শহর বা তার ক্যাফে-বাজার ঘুরে দেখার সুযোগ পাচ্ছে আজকের প্রজন্ম।
তিন দিনের ছুটির উন্মাদনা ও অভ্যন্তরীণ পর্যটনে জোয়ার:
লম্বা ছুটি কাটাতে যাওয়ার জন্য এখন আর সাতটি স্যুটকেস আর বিশাল চেকলিস্টের প্রয়োজন হয় না। তরুণদের কাছে ভ্রমণের সুনির্দিষ্ট কোনো কারণ থাকলেই তিন দিনের ছোট ছুটি যথেষ্ট। এই ধরনের সংক্ষিপ্ত ভ্রমণের মধ্যে রয়েছে:
কোনো কনসার্টের টানে অন্য শহরে গিয়ে অতিরিক্ত এক রাত কাটানো।
উইকএন্ডে কোনো থিম পার্ক বা অ্যাডভেঞ্চার স্পটে সময় কাটানো।
প্রিয় খাবার বা ফুড ফেস্টিভ্যালের টানে হঠাৎ রোড ট্রিপে বেরিয়ে পড়া।
কোনো ওয়েলনেস রিট্রিট বা স্পা রিসোর্টে দুই রাতের বুকিং।
খেলাধুলো বা কোনো বিশেষ ইভেন্টে অংশ নেওয়া।
ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, জেন-জি প্রজন্মের কাছে বেড়ানো এখন আর বছরের একটি বা দুটি বড় ইভেন্ট নয়, বরং দৈনন্দিন একঘেয়েমি কাটিয়ে ওঠার চাবিকাঠি। ছোট ছুটি বা উইকএন্ড ট্রিপের এই জোয়ার ভারতের অভ্যন্তরীণ পর্যটনেও নতুন গতি এনে দিয়েছে। এখন আর কোনো পর্যটন কেন্দ্রকে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য বা পুরনো ঐতিহ্যের ওপর নির্ভর করে বসে থাকতে হচ্ছে না; বরং থিম পার্ক, মিউজিক ফেস্টিভ্যাল বা স্পোর্টস ইভেন্ট নিজেই হয়ে উঠছে পর্যটক টানার প্রধান মাধ্যম। আপনার পরবর্তী ছুটির পরিকল্পনা হয়তো কোনো সুন্দর জায়গার খোঁজে শুরুই হবে না, তা শুরু হতে পারে আপনার ইনবক্সে আসা কোনো কনসার্ট বা অ্যামিউজমেন্ট পার্কের টিকিটের হাত ধরেই।