প্রেমিকের পথ সরাতে বন্ধুদের দিয়ে খুন! উপহার ফেরত দেওয়া নিয়ে ঝগড়ার পরেই ভাইরাল অডিও ফাঁস করল চাঞ্চল্যকর সত্য

পাঞ্জাবের গুরুদাসপুর থেকে সামনে এল এক হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনা। সম্পর্ক ভাঙার জেরে ১৯ বছরের এক তরুণকে ঠান্ডা মাথায় খুন করানোর অভিযোগ উঠল খোদ তাঁর প্রেমিকার বিরুদ্ধেই। প্রথমে ঘটনাটিকে সাধারণ পথদুর্ঘটনা বলে মনে করা হলেও, একটি ভাইরাল অডিও ক্লিপের সুবাদে সামনে এসেছে এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ভয়ংকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ বছর বয়সী নিহত তাজিন্দর সিং-এর সঙ্গে ১৮ বছরের তরুণী সুখমান কৌরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে সুখমান ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাইছিলেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং তাঁরা একে অপরের উপহারও ফিরিয়ে দেন। নিহত যুবকের পরিবারের অভিযোগ, সম্পর্ক ভাঙার আক্রোশ থেকেই তাজিন্দরকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে ওই তরুণী।
গত ১৮ সেপ্টেম্বর গুরুদাসপুরের ভূষণ গ্রামে রাস্তার পাশ থেকে গুরুতর জখম অবস্থায় তাজিন্দরকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও দু’দিন পর তাঁর মৃত্যু হয়। প্রাথমিক পর্যায়ে পুলিশ এটিকে সড়ক দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হতেই পুরো ঘটনা অন্যদিকে মোড় নেয়। অডিওতে স্পষ্ট শোনা যায়, খুনের আগে তাজিন্দরকে হুমকি দিয়ে বলা হয়েছিল—”আমরা তোর সাথে এমন কিছু করব যা তুই কখনো কল্পনাও করতে পারবি না।”
নিহত যুবকের মা নরেন্দ্র কৌর দাবি করেছেন, ঘটনার কয়েক দিন আগে একটি হোটেলে তাজিন্দর ও সুখমানের মধ্যে মারাত্মক ঝগড়া হয় এবং যুবকের মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয়েছিল। এমনকি চাক শরীফ বাজারে উপহার ফেরত দেওয়ার সময়ও তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পরিবারের পক্ষ থেকে এই ঘটনার নেপথ্যে থাকা বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের দাবি জানানো হয়েছে।
পুলিশ সুপার মনোজ কুমার জানিয়েছেন, চাঞ্চল্যকর এই ঘটনায় প্রধান অভিযুক্ত সুখমান কৌরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করা হলে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।