“Form 6 থেকে SIR অংশ সরাল নির্বাচন কমিশন”- ECINET পোর্টালে বড় পরিবর্তন

নতুন ভোটার তালিকায় নাম তুলতে বা প্রথমবার ভোটার হতে যে ‘ফর্ম ৬’ (Form 6) পূরণ করতে হয়, তা নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সম্প্রতি এই ফর্মের সঙ্গে ‘SIR’ সংক্রান্ত একটি অতিরিক্ত ঘোষণা যুক্ত হওয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। অবশেষে বুধবার গভীর রাতে যে সমস্ত রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখান থেকে ফর্ম ৬-এর সঙ্গে যুক্ত ওই অতিরিক্ত ঘোষণাপত্রটি সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছে কমিশন। ২৬ সেপ্টেম্বর কমিশনের করা একটি ঘোষণার ঠিক চার দিন পর এই সংশোধনী আনা হলো।

ফর্ম ৬ ও SIR বিতর্ক আসলে কী? নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ৬ হলো একটি পূর্বনির্ধারিত বিধিবদ্ধ ফর্ম। তবে বিশেষ নিবিড় সংশোধন বা SIR চলাকালীন ভোটার তালিকা যাচাইয়ের জন্য এই ফর্মের সঙ্গে একটি অতিরিক্ত ঘোষণাপত্র বা অ্যানেক্সেক্সার ডি (Annexure D) যুক্ত করা হয়েছিল। এর ফলে নতুন আবেদনকারীদের জানাতে হতো যে, পূর্ববর্তী SIR-এর সময়কার ভোটার তালিকায় তাঁদের কিংবা তাঁদের বাবা-মা কিংবা দাদু-ঠাকুমার নাম ছিল কি না।

কিন্তু এই পরিবর্তন নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, দুই নির্বাচন কমিশনার এই পদ্ধতির বিরুদ্ধে আপত্তি তোলেন। তাঁদের যুক্তি ছিল, ১৯৬০ সালের ভোটার রেজিস্ট্রেশন বিধিমালায় নির্ধারিত এই ফর্মটিতে কেবল প্রশাসনিক নির্দেশিকার মাধ্যমে এমন পরিবর্তন আনা আইনগতভাবে ঠিক নয়। এর পাশাপাশি আরও একটি বড় সমস্যা দেখা দিয়েছিল—অনলাইন পোর্টালে এই অতিরিক্ত অংশটি ‘ঐচ্ছিক’ বা অপশনাল লেখা থাকলেও, সেটি পূরণ না করে প্রার্থীরা ফর্ম সাবমিটই করতে পারছিলেন না।

কমিশনের পরবর্তী পদক্ষেপ বিতর্ক বাড়ার পর গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন স্পষ্ট করে দেয় যে, এসআইআর-বিহীন সাধারণ সময়ে নির্বাচনী রেজিস্ট্রেশন নিয়ম, ১৯৬০-এর অধীনে নির্ধারিত আসল ফর্মটিই ব্যবহার করা হবে। সেই নির্দেশিকা মেনেই এবার যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, সেখান থেকে ফর্ম ৬-এর অতিরিক্ত এই SIR ঘোষণাটি ইসিআইনেট (ECINET) পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে নতুন ভোটাররা কিছুটা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *