রাখাইনে ভয়ানক বিমান হানা! মুহূর্তের মধ্যে ঝরে গেল ৫০টি প্রাণ, নারী ও শিশুদের রক্তে ভিজল মাটি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার রাজ্যের কিউকতাও শহরে এই নৃশংস বিমান হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তথ্য অনুযায়ী, এই হামলায় ৫০ জনের প্রাণহানির পাশাপাশি অন্তত ৫৮ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আজ মঙ্গলবার সীমান্তবর্তী ওই অঞ্চল থেকে আরও বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে প্রাণঘাতী হামলা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও প্রাণঘাতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নিহতদের মধ্যে বহু নারী ও শিশুকে দেখা গেছে। এর আগে গত ডিসেম্বরে একটি স্থানীয় হাসপাতালে চালানো বোমা হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা অভিযোগ করে জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঘনবসতিপূর্ণ বাজার, স্কুল, আবাসিক ভবন এবং সাধারণ লোকজনকে টার্গেট করে এই বিমান হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মিয়ানমার সরকারের কোনো মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলমান গৃহযুদ্ধ ও লাখো মানুষের দুর্দশা উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জোট। চলমান এই রক্তক্ষয়ী সংঘাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ৩৫ লাখেরও বেশি সাধারণ নাগরিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *