‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগী নকশাল!’ দিল্লি যাত্রা করতেই মমতাকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি এবং ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের মেগা বৈঠকে যোগ দিতে রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই দিল্লি সফরকে কেন্দ্র করেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মমতার এই রাজধানী সফরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিধানসভার  দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আইবি-কে কড়া নজরদারি চালানোর পরামর্শও দিয়েছেন তিনি।

ভোটের তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে  জোট। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগের বিরুদ্ধে গোটা দেশকে একজোট করার ডাক দিয়েছেন মমতা। সিপিএম নেতা এমএ বেবি থেকে শুরু করে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনালাপ ও যোগাযোগের পরই এই দিল্লি যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে সহজভাবে নিচ্ছে না গেরুয়া শিবির। দলনেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “কী আনতে যাচ্ছেন? কী করতে যাচ্ছেন? দিমাগী নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন? যিনি আজাদি স্লোগান দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। আমি দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আইবি-কে বলব ভাল করে নজর রাখুন, যাতে এর সঙ্গে ফের কোনো দেশবিরোধী শক্তির মিটিং না হয়।”

এখানেই থেমে থাকেননি শুভেন্দু। কটাক্ষের সুরে তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ‘দিমাগী নকশালদের’ মূল মন্ত্রণাদাতা হয়ে উঠেছেন। তাঁর কথায়, “এক হাতে জামাত, অন্য হাতে দিমাগী নকশাল— এই দু’জনকে নিয়েই উনি এখন চলছেন।” সব মিলিয়ে, জাতীয় স্তরে  জোটের শক্তি বৃদ্ধির এই লড়াইয়ের আবহে দিল্লির দরবারে মমতা-অভিষেকের এই উপস্থিতি যে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার পারদ চড়ালো, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *