আইএফএ শিল্ডে আজ মহাযুদ্ধ! নর্থ-ইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় মাস্টারস্ট্রোক মোহনবাগান কোচের

ডুরান্ড কাপের হতাশা ঝেড়ে ফেলে আইএফএ শিল্ডে এখন দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীনিধি ডেকান এফসি’র জালে হাফডজন গোল দিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে সবুজ-মেরুন শিবির। ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো রকম ঢিলেঢালা মনোভাব দেখাতে নারাজ কোচ প্যানাগিওটিস ডিম্পেরিস। মঙ্গলবার ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যেই মাঠে নামছে মেগাস্টাররা।
হাইল্যান্ডার্স বধের ছক ও প্রতিপক্ষ আক্রমণ
নিয়মরক্ষার ম্যাচ মনে হলেও টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে এই লড়াইয়ে জয়ের বিকল্প দেখছে না ম্যানেজমেন্ট। নর্থ-ইস্টের উইংজুড়ে আলেইদিন আজারেই এবং জিতিন এমএস-এর মতো গতিশীল ফুটবলারদের দৌড় থামানোই এখন সবুজ-মেরুন রক্ষণের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও চোটের কারণে প্রতিপক্ষ শিবিরের জিতিনের খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। অন্যদিকে, মোহনবাগান শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছেন সমির জেলজকোভিচ। তাঁর প্রত্যাবর্তন দলের রক্ষণ ও মাঝমাঠের ভারসাম্য আরও মজবুত করবে।
প্রথম থেকেই মিগুয়েল-আরউইন জুটি
গত ম্যাচের হ্যাটট্রিকবীর লালিয়ানজুয়ালা ছাংতে এবং লিস্টন কোলাসোকে উইং-ব্যাকে রেখেই ছক কষছেন কোচ। ডিফেন্সে শুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ ও রাহুল ভেকে’র ওপর ভরসা রাখা হচ্ছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে আক্রমণভাগে মিগুয়েল ফিগেরা ও স্কটিশ স্ট্রাইকার লি আরউইন জুটির প্রথম থেকে মাঠে নামার সম্ভাবনা। ডুরান্ড কাপের ব্যর্থতা পেছনে ফেলে শিল্ডের মাধ্যমে আইএসএলের চূড়ান্ত প্রস্তুতিও সেরে নিতে চাইছে কোলকাতা জায়ান্টরা।
শিল্ডের নকআউট সূচিতে বদল
এদিকে পুলিশি অনুমতি না মেলা এবং দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের সুবাদে আইএফএ শিল্ডের নকআউট পর্বের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৫ অক্টোবর জোড়া সেমিফাইনাল ম্যাচ সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে কিশোরভারতী এবং কল্যাণী স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচটি আগামী ৮ অক্টোবর আয়োজিত হওয়ার কথা রয়েছে। তবে ফাইনাল ম্যাচটি যদি ডার্বি হয়, তবে তা যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।