মহাবিপদে আমজনতা? ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে চার্জ নিয়ে যা জানা গেল, জেনে নিন এখনই

UPI বা ইউপিআই ব্যবহারকারীদের জন্য সামনে এল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালুর সিদ্ধান্তে আপাতত কোনওরকম স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই নতুন ব্যবস্থা নিয়ে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

নতুন নিয়মে ঠিক কী হতে চলেছে?

নতুন এই নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট বা পিটুএম (P2M) ইউপিআই লেনদেনে ২,০০০ টাকার বেশি অর্থের ক্ষেত্রে ০.৪ শতাংশ এমডিআর ধার্য করা হবে। আগামী ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, এই চার্জ সরাসরি সাধারণ গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয়। এটি মূলত মার্চেন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আদালতে এই নতুন এমডিআর কাঠামোকে চ্যালেঞ্জ করে একটি আবেদন করা হয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সেই মামলার শুনানিতে আপাতত নতুন ব্যবস্থায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। এর ফলে নির্ধারিত সময় থেকেই এমডিআর চালুর প্রক্রিয়া বহাল থাকছে, যদিও বিষয়টি নিয়ে আইনি লড়াই জারি রয়েছে।

সাধারণ গ্রাহকদের ওপর কি এর প্রভাব পড়বে?

সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর ফলে কি পকেট ফাঁকা হবে সাধারণ মানুষের? সরকারি নির্দেশিকা অনুযায়ী, এমডিআর ব্যবস্থা চালু হলেও সাধারণ গ্রাহক যখন দোকানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাবেন, তখন তাঁদের অ্যাকাউন্ট থেকে আলাদা করে কোনো চার্জ কেটে নেওয়ার কথা নয়। অর্থাৎ, সরকার চায় না এই বাড়তি খরচের বোঝা সরাসরি গ্রাহকদের ওপর চাপুক।

তাছাড়া, ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট নতুন এই কাঠামোর বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ছোটখাটো লেনদেন বা ৫০০, ১,০০০ টাকা পেমেন্ট করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। পাশাপাশি, একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো অর্থাৎ পিটুপি (P2P) লেনদেনও সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। অন্যদিকে, ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে মাসে ইউপিআই মারফত ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের এই এমডিআর থেকে ছাড় দেওয়া হয়েছে।

আগামী দিনে এই নতুন নিয়ম কীভাবে বাজারকে প্রভাবিত করে এবং আদালতের পরবর্তী শুনানিতে কী রায় আসে, এখন সেটাই দেখার।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *