জেড প্লাস তো দূর, ভরসা শুধু কয়েকজন হাউস গার্ড! নিরাপত্তা চেয়ে সরাসরি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিরাপত্তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ওপর একাধিকবার হামলা হওয়ার অভিযোগ তুলে এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। আগামী ৬ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
সোমবার আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে জানান, তাঁর মক্কেল বর্তমানে প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেলেও নির্বাচনের পর তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর নিরাপত্তার দায়িত্বে কেবল কয়েকজন হাউস গার্ড ছাড়া আর কেউ নেই। আইনজীবী আদালতকে জানান, নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকেই তাঁর মক্কেল একাধিকবার হামলার শিকার হয়েছেন।
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। আগামী ৬ অক্টোবর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে বিধানসভা নির্বাচনের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন অভিষেক। নিহত এক তৃণমূল কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তাঁর ওপর ইট, ডিম ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। এমনকি তাঁকে বাঁচাতে কর্মীরা মাথায় হেলমেট পরিয়ে দিলেও ভিড়ের মধ্যে তা খুলে যায় এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। একসময়ে কড়া পুলিশি নিরাপত্তাবেষ্টনীতে থাকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এহেন নিরাপত্তা সংকোচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা।