২৬/১১-র জঙ্গি কাসভ নাকি এসেছিল অমিতাভ বচ্চনকে দেখতে! কেবিসি-র মঞ্চে এ কোন চাঞ্চল্যকর তথ্য ফাঁস?

২০০৮ সালের ২৬/১১-র মুম্বই হামলার রক্তাক্ত ক্ষত আজও ভারতের বুকে দগদগে। সেই ভয়াবহতম জঙ্গি হামলার অন্যতম প্রধান অভিযুক্ত আজমল কাসভকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। সেখানে কাসভের বিচার এবং তার করা কিছু বিভ্রান্তিকর দাবি নিয়ে আলোচনার সময়ই উঠে আসে চাঞ্চল্যকর এই তথ্য।
আইনি বিলম্ব নিয়ে ক্ষোভ বিগ বি-র
‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’ নামের ওই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী ওয়ামিকা গব্বিও। অনুষ্ঠান চলাকালীন কাসভের বিচারের প্রসঙ্গ উঠতেই আইনি দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অমিতাভ বচ্চন। মেগাস্টার সরাসরি প্রশ্ন তোলেন, “এত বড় অপরাধীকে ফাঁসি দিতে চার বছর সময় লেগে গেল কেন? ওকে তো ধরা পড়ার সঙ্গেই কবর দেওয়া উচিত ছিল!”
‘আমাকে দেখতে এসেছিল কাসভ!’
এই আলোচনার মাঝেই আদালতে কাসভের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন উজ্জ্বল নিকম। আইনজীবী জানান, কাসভ যখন প্রথম আদালতে আসে, সে তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল। এরপরই কাসভের বিচার চলাকালীন করা নানাবিধ আজব দাবির প্রসঙ্গ টেনে নিকম বলেন, “আপনি শুনে হয়তো অবাক হবেন অমিতাভজি, ও নাকি দাবি করেছিল, আপনার সঙ্গে দেখা করার জন্যই ও মুম্বই এসেছিল!”
আইজীবীর মুখে এই কথা শোনামাত্রই গর্জে ওঠেন অমিতাভ বচ্চন। মেগাস্টার সাফ জানিয়ে দেন, “না না, স্যর! ও যদি সত্যি আমার বাড়ির দিকে আসত, তবে আর জ্যান্ত ফিরে যেতে পারত না। আমাদের বাড়ি থেকেই আমরা ওকে গুলি করে উড়িয়ে দিতাম।”
আইনি প্রক্রিয়ায় ফাঁক ফোঁকর গলার চেষ্টা
উজ্জ্বল নিকম আরও জানান, কঠোর আইনি শাস্তি থেকে বাঁচতে এবং ফাঁসি এড়াতে নানা ফন্দিফিকির ও নাটক করেছিল কাসভ। এমনকি বিচার চলাকালীন সে নিজেকে অপ্রাপ্তবয়স্ক বা নাবালক বলেও দাবি করেছিল, যার জেরে দীর্ঘ সময় ধরে আইনি জটিলতা বজায় রাখার অপচেষ্টা চালিয়েছিল এই ঘৃণ্য জঙ্গি।