সলমনের শার্টলেস অবতারে তোলপাড় নেটপাড়া! হঠাৎ ক্যামেরার সামনে কেন জামাকাপড় খুললেন ভাইজান?

সলমন খান এবং তাঁর শার্টলেস অবতার—বলিউড ভক্তদের কাছে এই ম্যাজিক সবসময়ই উন্মাদনার অপর নাম। পর্দায় ভাইজান জামা খুলবেন আর গ্যালারিতে হাততালি পড়বে না, এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। সম্প্রতি ‘বিগ বস ২০’-র মঞ্চে ঠিক এমনটাই ঘটেছে। উইকেন্ড কা বার-এ হঠাৎ করেই শার্টলেস হয়ে যান অভিনেতা। মুহূর্তেই সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে কেন আচমকা ক্যামেরার সামনে এমন সিদ্ধান্ত নিলেন তিনি? অবশেষে সেই রহস্য নিজেই ফাঁস করলেন খোদ ভাইজান।
শার্টলেস হওয়ার আসল কারণ
অনেকেই ধরে নিয়েছিলেন, নিজের সুঠাম দেহ বা ফিটনেস ফন্ট করতেই বুঝি ক্যামেরার সামনে জামা খুলেছেন অভিনেতা। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ আলাদা। গত সপ্তাহের সেই ভাইরাল মুহূর্ত নিয়ে মুখ খুলে সলমন স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি মোটেও বডি দেখানোর জন্য শার্ট খুলেননি।
এই প্রসঙ্গে সলমন বলেন, “আমি শার্ট খুলে এটাই বোঝানোর জন্য খুলেছিলাম যে আমার এখন সিক্স প্যাক নেই।” অর্থাৎ, তাঁর শরীর যে বর্তমানে একদম ফিট নয়, সেটাই তিনি অকপটে সবাইকে দেখাতে চেয়েছিলেন।
‘এটা এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস’
বিগ বসের মঞ্চে নিজের শারীরিক গঠন নিয়ে বেশ খোলামেলা মেজাজেই ধরা দেন সলমন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “জানি না কেন মানুষের ওই বডি ভালো লেগে গিয়েছে। তবে এখন নেই। এখনও সময় আছে তার জন্য। ১-২ মাস লাগবে। এটা এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস। এমন নয় যে আমি ফিট হয়ে গিয়েছি, আর তারপর দেখিয়েছি। আমি আনফিট অবস্থাতেই দেখিয়েছি।” তাঁর এই রসাত্মক স্বীকারোক্তিতে হেসে ওঠেন উপস্থিত সকলে।
নতুন ছবির জন্যই কি এই কড়া কসরত?
চলতি চর্চা বলছে, পরিচালক ভামশি পৈডিপল্লির সঙ্গে তাঁর আসন্ন ছবির জন্যই এখন থেকেই ঘাম ঝরাচ্ছেন অভিনেতা। গুঞ্জন রয়েছে, ছবিটির নাম হতে পারে ‘মনস্টার’। সেই প্রোজেক্টের জন্যই নিজেকে নতুন রূপ দিতে কঠিন রুটিন মেনে চলছেন তিনি। হাতে মাত্র এক-দু’মাস সময় রয়েছে। তার পরেই ভক্তদের সামনে একদম নতুন এবং চমকপ্রদ অবতারে ধরা দেবেন তিনি। সলমনের এই স্পষ্ট কথা শোনার পর ভক্তদের উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আনফিট অবস্থাতেই যদি এমন তুমুল সাড়া পড়ে যায়, তবে পুরোপুরি ফিট হওয়ার পর তাঁর লুক কেমন হবে, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।