‘রূপা-লকেট-অগ্নিমিত্রার পর এবার আমি!’ রাজ্য বিজেপির মহিলা মোর্চার গুরুদায়িত্ব পেয়ে প্রথম মুখ খুললেন অঞ্জনা বসু

পশ্চিমবঙ্গ রাজনীতিতে মহিলা ভোট সব সময়ই একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর সেই কথা মাথায় রেখেই রাজ্য বিজেপির সাংগঠনিক পরিকাঠামোয় বড়সড় রদবদল আনা হয়েছে। শুক্রবার রাজ্য বিজেপির তরফে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে পরিচিত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসুর হাতে। অতীতে রূপা গঙ্গোপাধ্যায়কে দিয়ে যে গ্ল্যামারাস নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের হাত ধরে তা এগিয়েছিল। মাঝে কিছুকাল সাধারণ সাংগঠনিক কর্মীরা এই দায়িত্বে থাকলেও, এবার ফের সেই গ্ল্যামার মুখেই ভরসা রাখল রাজ্য বিজেপি।
দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন অঞ্জনা বসু। রাজনৈতিক পালাবদলের বহু উত্থান-পতনের সাক্ষী থাকা সত্ত্বেও তিনি নিজের আদর্শে অবিচল থেকেছেন। এমন এক বিশ্বস্ত ও পোড়খাওয়া নেত্রীর হাতে মহিলা মোর্চার মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তুলে দেওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা।
দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় অঞ্জনা বসু জানান, এটি তাঁর কাছে অত্যন্ত বড় এবং গুরুদায়িত্ব। শীর্ষ নেতৃত্ব তাঁর ওপর যে ভরসা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে তিনি প্রস্তুত। দলের গাইডেন্স ও নির্দেশ মেনে আগামী দিনে জেলায় জেলায় ঘুরে মহিলা সংগঠনকে আরও অনেক বেশি মজবুত করার দিকেই তাঁর সম্পূর্ণ মনোযোগ থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন নতুন সভানেত্রী।