‘ভোটের মুখে ফের অস্বস্তিতে ঘাসফুল শিবির!’ নন্দীগ্রামে শেখ সুফিয়ানের বাড়িতে আচমকা পুলিশ

রাজ্য রাজনীতিতে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। ২০০৭ সালের একটি পুরোনো মামলার তদন্তের জেরে সরাসরি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছাল পুলিশ। নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ২০০৭ সালের তৎকালীন বিভিন্ন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শেখ সুফিয়ানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই পুরোনো মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পুলিশি পদক্ষেপ। উল্লেখ্য, শেখ সুফিয়ান সর্বভারতীয় তৃণমূলের নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক।
শুধু শেখ সুফিয়ানই নন, এর পাশাপাশি নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য শেখ সাহাউদ্দিনের বাড়িতেও পুলিশ হানা দিয়েছে বলে খবর। ভোটের আবহে এবং রাজনৈতিক উত্তাপের মধ্যেই পরপর দুই প্রভাবশালী নেতার বাড়িতে পুলিশের এই তৎপরতা নতুন করে গুঞ্জন তৈরি করেছে। শাসক শিবির ও বিরোধী দলের মধ্যে এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।