ইভিএম কি এখন ‘ব্ল্যাক বক্স’! কংগ্রেসকে চরম আক্রমণ করে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক স্বার্থে লাগাতার দুর্বল করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। এবার কঠোর ভাষায় দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরিকদের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন (SIR) থেকে শুরু করে ইভিএম (EVM) এবং নির্বাচন কমিশনকে নিয়ে বিরোধীদের সাম্প্রতিক প্রশ্নবাণকে একহাত নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

এ দিন বিরোধীদের একহাত নিয়ে মুখ্যমন্ত্রী যোগী বলেন, দেশের দীর্ঘকাল শাসন করা কংগ্রেস এবং ইউপিএ-র শরিক দলগুলির বর্তমান রাজনৈতিক বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে যেভাবে ‘গণতন্ত্রকে দুর্বল করার প্রচেষ্টা’ বলে দেগে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কড়া সমালোচনা করেন তিনি। কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং আরজেডি—সবাই মিলে এই নিয়ে ইচ্ছাকৃতভাবে হট্টগোল পাকাচ্ছে বলে অভিযোগ তাঁর।

ইভিএম নিয়ে বিরোধীদের আপত্তিকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, অতীতে যে ইভিএম কংগ্রেসকে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সরকার গঠনে সাহায্য করেছিল, আজ সেই একই ইভিএমকে ‘ব্ল্যাক বক্স’ বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি, ২০১৯ সালের রাফাল মামলার প্রসঙ্গ টেনে সিএজি (CAG) এবং বিদেশে গিয়ে রাহুল গান্ধীর দেওয়া বিভিন্ন মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি।

কংগ্রেসের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ১৯৭৫ সালের কুখ্যাত জরুরি অবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সেই অন্ধকার দিনগুলিতে কীভাবে গণতন্ত্রকে খর্ব করা হয়েছিল এবং নির্বাচিত রাজ্য সরকারগুলিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা দেশবাসী ভোলেনি। এর পাশাপাশি বালাকোট বিমান হামলা কিংবা সাম্প্রতিক সামরিক অভিযান নিয়ে বিরোধীদের বারবার প্রশ্ন তোলা কতটা দেশপ্রেমের পরিচায়ক, সেই প্রশ্নও তোলেন যোগী আদিত্যনাথ। সবমিলিয়ে, বিরোধীদের আক্রমণ প্রতিহত করে এ দিন সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *