NTA-র বড় ঘোষণা! জয়েন্ট, নিট বা সিইউইটি-র অরিজিনাল স্কোরকার্ড হারিয়ে গেছে? এক ক্লিকেই মিলবে ডুপ্লিকেট কপি

প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জেইই মেন (JEE Main), নিট ইউজি (NEET UG), সিইউইটি পিজি (CUET PG)-সহ অন্যান্য সমস্ত জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল পরীক্ষার্থীদের মূল স্কোরকার্ড বা ফলাফলপত্র হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের জন্য ডুপ্লিকেট স্কোরকার্ড পাওয়ার বিশেষ ব্যবস্থা চালু করা হলো।
তবে ডুপ্লিকেট কপির জন্য সরাসরি আবেদন করার আগে পরীক্ষার্থীদের একটি বিশেষ নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে এনটিএ। বোর্ডের তরফে জানানো হয়েছে, আবেদন করার আগে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ‘ডিজিলকার’ (DigiLocker) অ্যাপ বা পোর্টালে নিজের অ্যাকাউন্ট চেক করে দেখতে হবে। অনেক ক্ষেত্রেই সেখানে পরীক্ষার্থীদের স্কোরকার্ড সুরক্ষিত থাকে। যদি ডিজিলকারে স্কোরকার্ড পাওয়া যায়, তবে সেখান থেকেই তা ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না।
কীভাবে আবেদন করতে হবে?
যদি ডিজিলকারে স্কোরকার্ড না পাওয়া যায়, তবেই কেবল প্রার্থীরা ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন। এনটিএ-র প্রকাশিত বিজ্ঞপ্তির ‘Annexure-1’-এ ডুপ্লিকেট স্কোরকার্ডের নির্দিষ্ট আবেদনপত্র দেওয়া রয়েছে। বর্তমানে যেহেতু কোনো আলাদা অনলাইন পোর্টাল চালু নেই, তাই পরীক্ষার্থীদের ওই নির্ধারিত ফরম্যাটেই আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
এনটিএ-র নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র অনলাইনে ইমেল করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। পরীক্ষার্থীদের প্রথমে স্ক্যান করা নথিপত্র ও আবেদনপত্র নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট আউট অর্থাৎ হার্ড কপিটি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সরাসরি এনটিএ-র দপ্তরে পাঠিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই হার্ড কপি না পৌঁছালে আবেদন গ্রহণ করা হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ করেছে এনটিএ।